ভাইয়ের রক্ত গায়ে মেখে নিজেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন রাত। একদল ঘাতক আলী আল-সায়েদদের ঘরে হানা দিয়েছে। ১১ বছরের আলী দেখল, ঘাতকেরা তার বাবা-মা ও চার ভাইবোনকে ধরে নিয়ে গুলি করল। ঘাতকদের গুলিতে এক ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরছিল। ভাইয়ের রক্ত নিজের গায়ে মেখে মেঝেতে পড়ে রইল। ঘাতকেরা ওকে মৃত ভেবে এক সময় চলে গেল। সিরিয়ার হুলা শহরের ঘটনা এটি। দুই দিন আগে বিদেশি গণমাধ্যমের কাছে এ রোমহর্ষক ঘটনার বর্ণনা দেয় আলী। সিরিয়ার হুলায় সম্প্রতি এ রকম মানুষের ঘরে ঘরে ঢুকে এভাবে হত্যাযজ্ঞ চালানো হয়। সেখানে নারী ও শিশুসহ শতাধিক মানুষকে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞ থেকে আলী নিজেকে কোনো রকমে বাঁচাতে সক্ষম হয়েছে বটে; কিন্তু ওর পরিবারের আর কেউ বেঁচে নেই। শুধু সে একা। গত বছরের মার্চ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভ চলছে। মানবাধিকার কর্মীদের দাবি, এ সময়ের মধ্যে আসাদ বাহিনী ১৩ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহল সিরিয়ার নিন্দা জানিয়ে আসছিল। এবার হুলা গণহত্যার ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।জাতিসংঘের প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘাতকদের মধ্যে শাবিহা গোষ্ঠীর লোকজন ছিল। শাবিহারা প্রেসিডেন্ট আসাদের অনুগত। আসাদবিরোধীদের মনে আতঙ্ক ছড়িয়ে দিতে নারী, শিশু, বৃদ্ধ-নির্বিশেষে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়। আসাদের পক্ষেই চলে এই গণহত্যা। আসাদের বাহিনী কামানের গোলা ছোড়ে, গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করে যতটা না নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, হুলার হত্যাযজ্ঞ এর চেয়ে আরও বীভৎস ও নৃশংস। মানবাধিকার কর্মী আহমাদ আল-কাসেম বলেন, ‘একটা শিশুর লাশ পড়ে থাকতে দেখি। গুলিতে শিশুটির মগজ বেরিয়ে পড়েছে। প্রায় এক বছরের আরেকটা শিশুর লাশ দেখি, মাথায় ছুরির আঘাতের চিহ্ন। কী বীভৎস দৃশ্য।’আসাদ সরকার ওই গণহত্যার দায়িত্ব স্বীকার করেনি। তাদের দাবি, এটা সন্ত্রাসীদের কাণ্ড। জাতিসংঘের তদন্তে বেরিয়ে এসেছে, নারী ও শিশুসহ বেশির ভাগ মানুষকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে। হত্যাকারীরা তাদের শিকার হিসেবে অপেক্ষাকৃত অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের বেছে নেয়। এতে ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে অন্যদের ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। আলী বলে, মধ্যরাতে ১১ জনের একটি সশস্ত্র দল ওদের বাড়িতে ঢোকে। প্রথমে ওর বাবা ও বড় ভাইকে ধরে ঘরের বাইরে নেয়। ওর মা তখন চিৎকার করে বলছিলেন, ওদের কেন ধরে নিয়ে যাচ্ছ, কোথায়? এরপর গুলির শব্দ। সাধারণ পোশাক পরা এক ব্যক্তি আলীর মাকে শোবার ঘরের দিকে নিয়ে যায়। সেখানে তার মায়ের মাথা ও ঘাড় লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি ছোড়া হয়। আলী তখন শোবার ঘর থেকে দৌড়ে পালায়। ফ্ল্যাশ লাইট জ্বেলে ছুটতে থাকে। সে দেখতে পায় ওর বোন রাশার লাশ পড়ে আছে মেঝেতে। ওর মাথায় গুলি করা হয়েছে। ছয় বছরের নাদের ও আট বছরের আদেন নামের দুই ভাইকে গুলি করা হত্যা করা হয়। ওদের রক্তাক্ত লাশের পাশে শুয়ে পড়ে আলী। পরে ঘাতকেরা চলে গেলে, আলীর স্বজনেরা এসে ওকে উদ্ধার করে নিয়ে যায়। এনডিটিভি।