ভাগ্যবান জ্যোতিষী
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বেড়াতে গেলে যে বিশেষ লোকটির ব্যাপারে অনেক বিদেশি পর্যটককে বিশেষ কৌতূহলী হতে দেখা যায়, তিনি হলেন সম্প্রতি বিখ্যাত হয়ে ওঠা স্থানীয় এক জ্যোতিষী। তিনি পর্যটকদের হাত দেখে তাঁদের ভূত-ভবিষ্যৎ বলেন। হাত গণনায় যাঁদের বিশ্বাস আছে, তাঁরা যেমন এ জ্যোতিষীর সঙ্গে দেখা করতে আসছেন, তেমনি জ্যোতিষবিদ্যায় ঘোর অবিশ্বাসী ব্যক্তিও আসছেন কৌতুহলনিয়ে। কপাল ভালো হলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর তাঁর সাক্ষাৎ মেলে। সাক্ষাৎ পাওয়া গেলে প্রণামি হিসেবে গুনতে হয় ২৫ ডলার।বালি দ্বীপের এই জ্যোতিষীর নাম কেতুত লিয়ার। বয়স নব্বইয়ের কোঠায়। কিছুদিন আগেও খুব টানাটানির মধ্যে দিন কাটত। আর এখন প্রতিদিন উপার্জন হচ্ছে কম করে হলেও এক হাজার ২৫০ মার্কিন ডলার। মার্কিন লেখিকা এলিজাবেথ গিলবার্ট বালি দ্বীপে ঘুরতে এসে যেদিন কেতুত লিয়ারের সঙ্গে দেখা করেন, সেদিনই নাকি বিধাতা লিয়ারের দিকে ‘মুখ তুলে চেয়েছিলেন।’ পশ্চিমা দুনিয়ায় এলিজাবেথ গিলবার্টের স্মৃতিচারণামূলক বই ‘ইট, প্রে, লাভ’ সম্প্রতি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ৩০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। এলিজাবেথ মূলত তাঁর ইতালি, ভারত ও ইন্দোনেশিয়া ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছেন। বালি দ্বীপ ভ্রমণের সময় কেতুত লিয়ারের সঙ্গে এলিজাবেথের কথা হয়। লিয়ার এলিজাবেথের হাত দেখে বলেছিলেন, বালি দ্বীপেই তিনি তাঁর ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন এবং সেখানেই তিনি বসবাস শুরু করবেন। লিয়ারের এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যায়। বইটিতে এলিজাবেথ গণক লিয়ারকে একটি অন্যতম চরিত্র হিসেবে তুলে ধরেছেন। এ বইয়ের কাহিনি নিয়ে হলিউডের চলচ্চিত্র নির্মাতা রাইয়ান মার্ফি একই নামে একটি ছবি বানিয়েছেন। জুলিয়া রবার্টস অভিনীত এই ছবিতে লিয়ারের চরিত্রে অভিনয় করেছেন ইন্দোনেশিয়ার অভিনেতা হাদি সুবিয়ান্তো।বই প্রকাশ ও ছবি মুক্তি পাওয়ার পর কেতুত লিয়ারের খ্যাতি আকাশচুম্বী হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে যাওয়া অসংখ্য পর্যটক তাঁকে হাত দেখান। আগে সামান্য ‘কলাটা মুলোটা’ নিয়ে স্থানীয় গ্রামবাসীর হাত দেখতেন। এখন বিশ্ব বিখ্যাত বহু লোক তাঁকে দিয়ে হাত দেখিয়ে নেওয়ার জন্য উদগ্রীব থাকেন। পসার বেড়ে যাওয়ায় প্রণামির পরিমাণও বহু গুণ বাড়িয়ে দিয়েছেন লিয়ার। নিওম্যান নামে কেতুত লিয়ারের এক ছেলে এএফপিকে বলেছেন, তাঁর বাবা সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি প্রতিদিন গড়ে ৫০ জনের সঙ্গে দেখা করেন। প্রত্যেক দর্শনার্থীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাঁকে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস ও জীবন যাপন সম্পর্কে উপদেশ দেন। বিনিময়ে নেন ২৫ ডলার।এলিজাবেথের বইটি পড়ে এবং ছবিটি দেখে লিয়ারকে একনজর দেখার জন্য বহু পর্যটক ভিড় করছেন তাঁর বাড়িতে। এএফপি।