ভাত খাবেন না, জুতা পরবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দশক আগে বিয়ে হলেও স্বামী গুজরাটের মুখ্যমন্ত্রী ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির কাছ থেকে যশোদাবেন স্ত্রীর স্বীকৃতি পেয়েছেন দিন কয়েক আগে। এতদিন বহু নিগ্রহ চুপ করে সহ্য করেছেন। স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি।


নির্বাচনী হলফ নামায় মোদি স্ত্রী হিসেবে যশোদাবেনের নাম উল্লেখ করায় কৃতজ্ঞতায় আপ্লুত হয়েছেন তিনি। মোদিকে তিনি দেখতে চাইছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পদে। এ জন্য শুরু করেছেন পূজা অর্চনা। এই চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তিনি ভাত খাবেন না, জুতাও পরবেন না। খবর এনডিটিভির।

যশোদাবেনেরই ভাই কমলেশ মোদি জানিয়েছেন, মোদি মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হবেন—যশোদাবেন হূদয় থেকে সেটা চান। তিনি সেজন্য প্রার্থনা করছেন। বর্তমানে তিনি বদ্রিনাথ ও কেদারনাথসহ বিভিন্ন পুণ্যস্থানে তীর্থযাত্রায় রয়েছেন।

যশোদাবেন নিজের দুই ভাইয়ের সঙ্গে গুজরাটের মেহাসানা জেলার ইশওয়ারবাদা গ্রামে বাস করেন। খুবই ধর্মপ্রাণ যশোদাবেন একেবারে সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। কমলেশ বলেন, তিনি (যশোদাবেন) খুব ভোরে ঘুম থেকে ওঠে প্রার্থনা করেন ও মন্দিরে যান... এরপর তিনি দৈনন্দিন কার্যতালিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ ছাড়া তিনি খবর দেখেন এবং তাঁর (মোদির) বিষয়ে পত্রিকায় লেখা সব খবর পড়েন।

মোদির সঙ্গে যশোদাবেনের বিয়ে হয়েছিল ১৯৬৮ সালে। কিছুদিন আগে এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছিলেন, তাঁরা খুবই অল্প সময়ের জন্য একসঙ্গে ছিলেন। কেননা, বিয়ের পরপরই মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রচারক হতে বাড়ি ছাড়েন। তবে মোদিই তাঁকে আরও পড়াশোনা করার জন্য অনুপ্রাণিত করেছিলেন বলেও জানিয়েছেন যশোদাবেন।