ভাত খাবেন না, জুতা পরবেন না যশোদাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী নরেন্দ্র মোদির জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করছেন যশোদাবেন। মোদিকে তিনি দেখতে চাইছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পদে। এ জন্য শুরু করেছেন পূজা অর্চনা। আশা পূরণ না হওয়া পর্যন্ত তিনি ভাত খাবেন না, জুতাও পরবেন না।
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে যশোদাবেনের বিয়েটা হয়েছিল দশক পাঁচেক আগে। মাত্র কয়েক দিন আগে মোদি সে কথা প্রথমবারের মতো স্বীকার করেছেন।
যশোদাবেনেরই ভাই কমলেশ মোদি জানান, মোদি মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হবেন—যশোদাবেন হূদয় থেকে সেটা চান। তিনি সেজন্য প্রার্থনা করছেন। বর্তমানে তিনি বিভিন্ন পুণ্যস্থানে তীর্থযাত্রায় রয়েছেন।
যশোদাবেন নিজের দুই ভাইয়ের সঙ্গে গুজরাটের মেহাসানা জেলার ইশওয়ারবাদা গ্রামে বাস করেন। খুবই ধর্মপ্রাণ যশোদাবেন একেবারে সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। কমলেশ বলেন, যশোদাবেন খুব ভোরে ঘুম থেকে ওঠে প্রার্থনা করেন ও মন্দিরে যান। এরপর তিনি দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ ছাড়া তিনি খবর দেখেন এবং মোদির বিষয়ে পত্রিকায় লেখা সব খবর পড়েন।
মোদির সঙ্গে যশোদাবেনের বিয়ে হয়েছিল ১৯৬৮ সালে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁরা খুবই অল্প সময়ের জন্য একসঙ্গে ছিলেন। কেননা, বিয়ের পরপরই মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হতে সংসার ছাড়েন। এনডিটিভি।