ভারতের তৃণমূল কংগ্রেসের নেত্রী ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক অঙ্গনে তাঁর চিরচেনা ঝড়তোলা ভাবমূর্তি বদলানোর চেষ্টা চালাচ্ছেন? তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ডে এ প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। বিশ্লেষকেরা মনে করছেন, আগামী বছর অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মিলে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতাসীন বামদের হটানোর সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা হতে পারে মমতার এই বদলে যাওয়ার চেষ্টা।৭ সেপ্টেম্বর ভারতজুড়ে কল-কারখানায় ধর্মঘট পালিত হয়েছে। জানা গেছে, সেদিন দিনভর দিল্লিতে নিজ মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত ছিলেন মমতা। সম্ভবত এর মাধ্যমে তিনি দিল্লিসহ দেশের রাজনীতিকদের কাছে একটি বিশদ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সূত্রমতে, নিজের রাজনীতিতে এমন একটি ধাঁচ তিনি তৈরি করার চেষ্টা চালাচ্ছেন, যেখানে বন্ধ্ ও সহিংসতার মতো নেতিবাচক বিষয় থাকবে না। তিনি মনে করছেন, বন্ধ্ অবশ্যই অধিকার আদায়ের একটি গণতান্ত্রিক হাতিয়ার, তবে এর অপব্যহার করা ঠিক নয়। নিতান্ত বাধ্য না হলে বন্ধ্ ডাকা উচিত নয়।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আগামী মে মাসে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে হিসাব কষে কৌশল নির্ধারণ করছে তৃণমূল কংগ্রেস। মমতার নেতিবাচক রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে অতীতে অনেক সমালোচনা হয়েছে। রাজ্যের নিশ্চল অর্থনীতিকে সক্রিয় করতে বিভিন্ন গঠনমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে মমতার অনুপস্থিতির সমালোচনা করেছেন সমালোচকেরা। পর্যবেক্ষকেরা মনে করছেন, এখন রাজ্যের মুখ্যমন্ত্রী পদটি দখলের জন্য নিজের ভাবমূর্তি পরিবর্তনে মমতা সচেষ্ট হয়েছেন।দ্রব্যমূল্য বৃদ্ধি, শ্রম আইন লঙ্ঘন ও বেসরকারীকরণের প্রতিবাদে ৭ সেপ্টেম্বরের ধর্মঘট ডেকেছিল কংগ্রেস সমর্থিত ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসসহ কেন্দ্রীয় কয়েকটি ট্রেড ইউনিয়ন। কিন্তু পশ্চিমবঙ্গে ধর্মঘটের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। জানা গেছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি চাঙা করতে সেখানে বিনিয়োগের জন্য দেশের শিল্পপতিদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন মমতা।ভারতের মন্ত্রিসভায় শিগগির রদবদল হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইস্পাত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি পেতে চাইছে তৃণমূল কংগ্রেস। পর্যবেক্ষকদের মতে, এই প্রতিমন্ত্রীর পদটি পেলে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আগামী নির্বাচনে সুবিধা আদায় করতে পারবে তৃণমূল।