ভারত অন্যতম বিপজ্জনক দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান, পাকিস্তান, ইরাক ও সিরিয়ায় হরহামেশাই বোমা হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে গণমাধ্যমের খবরে আসে। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বোমা হামলা ও হতাহতের দিক দিয়ে বিবেচনা করলে ভারত বিশ্বের বিপজ্জনক স্থানগুলোর মধ্যে অন্যতম।

আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ন্যাশনাল বোম ডাটা সেন্টারের (এনবিডিসি) সর্বশেষ তথ্য-উপাত্তে এ পরিস্থিতি উঠে এসেছে।
তথ্য-উপাত্তে দেখা গেছে, গত বছর ভারতে ২১২টি বোমা হামলা হয়েছে, যা আফগানিস্তানের চেয়ে (১০৮টি) দ্বিগুণ। অভ্যন্তরীণ নানা দ্বন্দ্বে গত বছর বাংলাদেশে ৭৫টি বোমা হামলা হয়েছে। আর সিরিয়ায় হয়েছে ৩৬টি।

এনবিডিসির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ভারতে বোমা হামলার সংখ্যা কমেছে। দেশটিতে ২০১২ সালে ২৪১টি বোমা বিস্ফোরিত হয়েছে। ২০১৩ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১২। তবে গত বছর হতাহতের সংখ্যা বেড়েছে। ২০১২ সালে ১১৩ জন নিহত এবং ৪১৯ আহত হন। ২০১৩ সালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩০ ও আহত ৪৬৬ জন।
এনবিডিসির তথ্যমতে, বোমা হামলায় আফগানিস্তানের চেয়ে ভারতে হতাহতের সংখ্যা বেশি।

প্রকাশিত ওই তথ্য অনুযায়ী, গত দশকে (২০০৪-২০১৩) ভারতে গড়ে ২৯৮টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণে হতাহত এক হাজার ৩৩৭ জন। ভারতের উত্তর-পূর্বের (আসাম-মণিপুর) রাজ্য এবং মাওবাদী-অধ্যুষিত (বিহার-ছত্তিশগড়-ঝাড়খন্ড) এলাকায় বোমা বিস্ফোরণের হার বেশি।