ভারত, এমনকি পাকিস্তানের প্রতিও এক বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের বাইরে বিস্ফোরণ শুধু আফগানিস্তানই নয়, পাকিস্তান ও ভারতের প্রতিও একটা বড় চ্যালেঞ্জ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই আক্রমণকে এভাবেই দেখতে চাইছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বিস্ফোরণের পর বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল বিপদ হল সন্ত্রাসবাদ এবং সেই সন্ত্রাস চালিত হচ্ছে দেশটির সীমান্তের বাইরে থেকে। আকবরউদ্দিনের বিবৃতিতে স্পষ্ট ইঙ্গিত, পাকিস্তানে লালিত-পালিত সন্ত্রাসীরাই ওই বিস্ফোরণের জন্য দায়ী। ওই ধারণা দৃঢ় হওয়ার বড় কারণ তালেবানের বিবৃতি। ঘটনার সঙ্গে তাদের সংস্রব নেই বলে জানিয়েছে তালেবান। পাশাপাশি, বিভিন্ন সূত্রে ভারতও নিশ্চিত হয় যে আত্মঘাতী জঙ্গিরা সবাই পাকিস্তানি এবং আগের দিন তারা জালালাবাদে এসেছিল। সাউথ ব্লকের সন্দেহ, হাক্কানি গোষ্ঠীই ওই আক্রমণের হোতা। তারা এর আগেও দুবার ভারতীয় দূতাবাসে আক্রমণ চালিয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা নতুনভাবে শুরু হওয়ার যে প্রক্রিয়া চলছে, তা বানচাল করা জালালাবাদের হামলার একটা প্রধান উদ্দেশ্য। এর মধ্য দিয়ে তারা পাকিস্তানের গণতান্ত্রিক সরকারকেও একটা বার্তা দিতে চাইছে। পররাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক প্রথম আলোকে বলেন, ‘এই হামলা আফগানিস্তান, ভারত ও পাকিস্তান, তিন দেশের প্রতিই একটা বড় চ্যালেঞ্জ। ২০১৪ সালের পর আফগানিস্তান কীভাবে তার নিরাপত্তা রক্ষা করবে সেটা যেমন একটা বড় প্রশ্ন, তেমনই পাকিস্তানে লালিত-পালিত জঙ্গি গোষ্ঠীর মোকাবিলা নওয়াজ শরিফ কীভাবে ও কতটা সফলভাবে করতে পারেন, সেটাও একটা বড় কৌতূহলের বিষয়। নির্বাচিত হওয়ার পর নওয়াজ শরিফ ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ১৯৯৯ সালে যে ভূমিকা তিনি পালন করেছিলেন, সম্পর্কের উন্নতিতে সেই ভূমিকাই তিনি পালন করতে আগ্রহী। স্বাভাবিক কারণেই পাকিস্তানের সন্ত্রাসীদের তা পছন্দ হওয়ার কথা নয়। সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় কনস্যুলেটের বাইরে বিস্ফোরণ পাকিস্তানের প্রতিও একটা বার্তা।’

আফগানিস্তানে একের পর এক জঙ্গি হামলা ভারতের কাছে নিশ্চিতই চিন্তার বিষয়। শনিবারের বিস্ফোরণে কোনো ভারতীয় হতাহত হননি ঠিকই, কিন্তু এই ধরনের আক্রমণ অব্যাহত থাকলে আফগানিস্তানের পুনর্গঠনে ভারতের উদ্যোগ মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনের দাবি।

তালেবান সরকারের পতনের পর গত বারো বছরে ভারত ও আফগানিস্তানের পারস্পরিক নির্ভরতা যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআইয়ের পক্ষে স্বস্তিদায়ক নয়। আফগানিস্তানের উন্নয়নে যত দেশ সাহায্যের হাত বাড়িয়েছে, ভারত তাদের মধ্যে পঞ্চম। রাস্তা, বন্দর ও বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও উৎপাদনের কাজে বিভিন্ন ভারতীয় কোম্পানি নিযুক্ত। ভারতের সঙ্গে আফগানিস্তানের এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পাকিস্তানের সন্ত্রাসীরা সচেষ্ট হবে এটা যেমন স্বাভাবিক, তেমনই নিরাপত্তা নিশ্ছিদ্র করাটাও ভারতের দায়িত্ব। ভারত এ কথাও জানে যে তাদের প্রতি আফগানিস্তানের নির্ভরতা বেশি বৃদ্ধি পেলে পাকিস্তান সরকারের পক্ষেও সেটা মেনে নেওয়া কঠিন। আবার পাকিস্তানের গণতান্ত্রিক আবহের স্বার্থেই আফগানিস্তানে গণতান্ত্রিক পরিমণ্ডল বহাল থাকা জরুরি। নওয়াজ শরিফের কাছেও তাই আফগানিস্তান একটা বিরাট চ্যালেঞ্জ। শরিফ সেই চ্যালেঞ্জের মোকাবিলা সফলভাবে করতে পারলে ভারতেরই লাভ বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে।