ভারত ও জর্জিয়ায় ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে বোমা
ভারতের রাজধানী নয়াদিল্লি ও জর্জিয়ার রাজধানী তিবলিশিতে ইসরায়েলের দূতাবাসের সামনে গতকাল সোমবার বোমা হামলা হয়েছে। দূতাবাস দুটির কূটনীতিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল।নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে এক কূটনীতিকসহ চারজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়িটি দূতাবাসের এক কর্মকর্তার।জর্জিয়ার তিবলিশিতে ইসরায়েলি দূতাবাসের সামনে গতকাল দূতাবাসের একটি গাড়ির নিচ থেকে পুলিশ একটি বোমা উদ্ধার করেছে। পরে তা নিষ্ক্রিয় করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ভারত ও জর্জিয়ায় তাদের দূতাবাসের বোমা হামলার ঘটনায় ইরান ও হিজবুল্লাহ জড়িত। তবে ইরান তা অস্বীকার করেছে।ভারতে যেখানে গাড়িটি বিস্ফোরিত হয়েছে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবন। গতকাল বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।নয়াদিল্লির ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র ডেভিড গোল্ডফার্ব জানান, বিস্ফোরণের সময় গাড়িটি দূতাবাসের কাছেই ছিল। তবে কীভাবে এমন ঘটনা ঘটল, তার বিস্তারিত বিবরণ জানা যায়নি।অসমর্থিত সূত্রে বলা হয়েছে, নয়াদিল্লিতে দুই মোটরসাইকেলের আরোহীকে ওই গাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এর মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে থাকা একজন গাড়িটি লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারেন। এর পরেই ঘটে বিস্ফোরণ। এএফপি, বিবিসি।