ভারত ও পাকিস্তানের গোয়েন্দা প্রধানদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের গোয়েন্দা প্রধানেরা শনিবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক করেছেন। সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তাঁরা এ বৈঠক করেন।বিভিন্ন সূত্রে বলা হয়েছে, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর মহাপরিচালক রাজিব মাথুর ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান জাভেদ নুর বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা এসব বিষয়ে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে একমত হন।পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, মুম্বাই হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দুই দেশের গোয়েন্দা প্রধানেরা একযোগে কাজ করতেও সম্মত হয়েছেন।এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং সিবিএ মুম্বাই হামলাসহ সন্ত্রাসসংক্রান্ত বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করবে। টাইমস অব ইন্ডিয়া।