ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক আস্থা বেড়েছে। এটি দুই দেশের শান্তিপ্রক্রিয়া পুনরায় শুরু করার ভিত তৈরি করেছে। গতকাল বুধবার মালদ্বীপে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা এ কথা বলেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁরা সেখানে গেছেন। আজ এই সম্মেলন শুরু হবে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেন, গত কয়েক মাসের সংলাপের সময় দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে।দুই দেশের সম্পর্কে এখন ‘খুব ইতিবাচক পরিবেশ’ বিরাজ করছে—এই মন্তব্য করে এস এম কৃষ্ণা বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতে ‘আস্থার অভাব’ কমে আসছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের এখন ‘যৌথ কৌশলের’ দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।মালদ্বীপের উদ্দেশে রওনা হওয়ার আগে এস এম কৃষ্ণা বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের চেয়ে কিছুটা স্থিতিশীল হয়েছে বলে মনে করি।’পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আগে দুই দেশের সম্পর্কে পরিবেশগত উন্নতি হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বহু বছর ধরে বিদ্যমান আস্থার ঘাটতি ব্যাপকভাবে কমে এসেছে। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এখনো বহু দূর সামনে এগোতে হবে।’হিনা বলেন, সন্ত্রাসবাদের হুমকি ভারত ও পাকিস্তান উভয় দেশের জন্য চ্যালেঞ্জ। এএফপি।