ভারত ও পাকিস্তানের সংঘাত এড়াতে চেয়েছিল মস্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রকাশ করা পুরোনো নথি বলছে, একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত এড়াতে চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন। সম্প্রতি সিআইএ যে ১ কোটি ১০ লাখ পৃষ্ঠার নথি অনলাইনে প্রকাশ করেছে, এ নথিটি তার একটি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ১৯৭১ সালের শেষ দিকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সিআইএর ওই নথি বলছে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাননি। মস্কোও তাঁর পক্ষেই ছিল। কিন্তু ভারতের ডানপন্থীরা প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করছিল। নথি থেকে আরও জানা যায়, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে দৈনিক ব্রিফিংয়ের অংশ হিসেবে ১৯৭১ সালের জুলাই মাসে সিআইএ জানায়, পূর্ব পাকিস্তানে (পরে স্বাধীন বাংলাদেশ) ভারত সামরিক হস্তক্ষেপ করবে বলে যে ইঙ্গিত মিলেছে, তাতে সোভিয়েত ইউনিয়ন উদ্বিগ্ন এবং তারা ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের মতো আরেকটা যুদ্ধের সূচনা যেন না ঘটে সে জন্য প্রচেষ্টা আরও বাড়িয়েছে।

প্রেসিডেন্টকে দেওয়া একটি নোটে সিআইএ জানায়, ১৯৭১ সালের ৯ জুলাই রুশ সংবাদপত্র ইজভেসতিয়ায় প্রকাশিত এক সংবাদভাষ্যে ভারত ও পাকিস্তানের উদ্দেশে উপমহাদেশে যুদ্ধ এড়ানোর ব্যাপারে মস্কোর প্রত্যাশার কথা বলা হয়। ওই নোটে আরও বলা হয়, ‘ওই সংবাদভাষ্যে বলা হয়েছে, অতীতে স্থানীয় সংঘাত থেকে বৃহত্তর সামরিক সংঘর্ষের সূচনা ঘটেছে এবং এতে পূর্ব পাকিস্তান ইস্যুতে ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণ একটি সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। ভারতে যাঁরা যুদ্ধের পক্ষে ছিলেন, তাঁদের অভিসন্ধি ইন্দিরা গান্ধীর প্রত্যাখ্যানকে ওই সংবাদে স্বাগত জানানো হয়।’

প্রেসিডেন্ট নিক্সনকে আরও জানানো হয়, ভারতে নিযুক্ত সোভিয়েত কর্মকর্তারাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তৎকালীন কনসাল জেনারেল সংকট নিরসনের ভিন্ন পথও বাতলে দিয়েছিলেন। নিক্সনকে সিআইএ জানায়, তিনি (সোভিয়েত কনসাল জেনারেল) শরণার্থী সমস্যা সমাধানে মস্কোর কাছে সহায়তা চেয়েছিলেন এবং এ বিষয়ে পাকিস্তানিদের কাছে প্রতিবাদ জানিয়েছিলেন।