ভারত ও পাকিস্তানের সদস্য পদ নিয়ে সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়ায় নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) দুই দিনের আলোচনায় ভারত ও পাকিস্তানের সদস্যপদের আবেদন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভিয়েনায় আয়োজিত ওই বৈঠক শেষ হয় গত বৃহস্পতিবার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত যুক্তরাষ্ট্র সফরে দেশটিকে এ বিষয়ে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভারত ১৯৭৪ সালে পরমাণু বোমা পরীক্ষা করার পরপরই বিশ্বের ৪৮টি দেশ মিলে গঠন করেছিল নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। উদ্দেশ্য ছিল পরমাণু প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা। বেসামরিক কাজে পরমাণু প্রযুক্তির ব্যবহার এর অন্তর্ভুক্ত। কয়েক বছর ধরে ভারত এই গ্রুপের সদস্য হওয়ার জন্য চেষ্টা করছে।
এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে জোর সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সমর্থন ছিল সুইজারল্যান্ডেরও। কিন্তু ভিয়েনার বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় এ সংগঠনে ভারতের অন্তর্ভুক্তি তাই অন্তত পিছিয়ে গেল। ২০ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে এনএসজির পরবর্তী বৈঠকে দেশটির আবেদন নিয়ে আবার আলোচনা হবে।
ভিয়েনার বৈঠকে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে এনএসজির সদস্যদেশ তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের অবস্থান কিছুটা নরম ছিল। মূলত প্রতিবেশী চীনের বিরোধিতার কারণেই আটকে গেছে ভারতের আবেদন।
ভারতের আবেদনের বিরোধিতায় চীনের যুক্তি হচ্ছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) হচ্ছে এনএসজির মূলমন্ত্র। ভারত এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ফলে দেশটি এনএসজিতে অন্তর্ভুক্ত হতে পারে না।
এদিকে পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, দেশটির আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বলেছে, কোনো একক রাষ্ট্রের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা না করে পাকিস্তানের উচিত এনএসজির বৈঠকে তা উত্থাপন করা। গত মাসে পাকিস্তানও এনএসজির সদস্য হওয়ার জন্য আবেদন করে।