ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন যুগের সূচনা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে। গতকাল বুধবার নয়াদিল্লিতে শান্তি আলোচনা শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।দুই পক্ষের আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেন, সম্পর্ক সঠিক পথে ফিরে এসেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বলেন, এর মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতার নবযুগের সূচনা হলো।দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সম্পর্কোন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন।ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর ১০ জনের একটি সশস্ত্র জঙ্গি দলের হামলায় অন্তত ১৬৬ জন নিহত হয়। হামলাকারী দলের মধ্যে আজমল কাসাব নামের একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। কিন্তু অন্য হামলাকারীরা নিহত হয়। ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবা ওই হামলা পরিচালনা করে। এ হামলায় পাকিস্তানের সরকারি গোয়েন্দা সংস্থার মদদ রয়েছে। এর জেরে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয় নয়াদিল্লি।সরকারি গোয়েন্দা সংস্থার মদদ জোগানোর এ অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তান বলে আসছে, যেসব সন্ত্রাসী ওই হামলা চালিয়েছে, তাদের কোনো দেশ নেই।দুই দেশের মধ্যে অবিশ্বাস দূর করে আস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া এ বছরের গোড়ার দিকে শুরু হয়। গত ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান শান্তি আলোচনা আবার শুরু করার ঘোষণা দেয়। এর প্রায় পাঁচ মাস পর গতকাল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনা হলো।আলোচনা শেষে এস এম কৃষ্ণা বলেন, ‘আমাদের মধ্যে এখনো সামান্য দূরত্ব রয়ে গেছে। আমাদের মন খোলা। উদ্দেশ্যও ইতিবাচক...আমি নিশ্চিত, সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক সহায়ক শক্তি হয়ে এ দূরত্ব অতিক্রম করব। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব।’১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর থেকে কাশ্মীর নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী এ দুটি দেশ অন্তত তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে।পিটিআইয়ের এক খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের জনগণকে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য অনুমতি পেতে কড়াকড়ি শিথিল করা হয়েছে। এ ছাড়া মুম্বাই হামলার তদন্ত, সন্ত্রাসবাদবিরোধী লড়াই, মানবাধিকার ইস্যু, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহায়তা, সিয়াচেন শান্তি ও নিরাপত্তা বিষয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। আগামী সেপ্টেম্বরে ইসলামাবাদে পরমাণু বিশেষজ্ঞদের বৈঠকের ব্যাপারেও একমত হয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার গতকাল নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ভারত ও পাকিস্তানের নতুন প্রজন্ম দেশ দুটির মধ্যে নতুন ধরনের সম্পর্ক দেখতে পাবে। গত দুই দশকের অভিজ্ঞতা থেকে যা হবে একেবারে ভিন্ন ধরনের।গত সপ্তাহে হিনা রব্বানি খারকে (৩৪) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়। এর পর থেকে অনেকেই সংশয় প্রকাশ করে আসছিলেন, তিনি প্রতিবেশী দেশের ভঙ্গুর সম্পর্ক পুনরুদ্ধারে কতটা সামর্থ্য রাখেন। এএফপি, রয়টার্স ও পিটিআই।