ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল সোমবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে সে দেশের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে ১২টি চুক্তি সই হয়। এর মধ্যে উল্লেখযোগ্য চুক্তিগুলো হচ্ছে—দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানো, সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ সম্পর্কের উন্নয়ন।তিন দিনের রাষ্ট্রীয় সফরে মনমোহন সিং গত রোববার নেপিডোতে পৌঁছান। গত ২৫ বছরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর।নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় একজন কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী ও মিয়ানমারের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের সময় ১২টি চুক্তি সই হয়েছে।প্রতিবেশী রাষ্ট্র চীনের চেয়ে মিয়ানমারের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি অনেক। মূলত এই ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে ভারত সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।২০১০ সালে মিয়ানমারের সঙ্গে ১২০ কোটি ডলারের বাণিজ্য করেছে ভারত। অথচ ওই বছর চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য হয়েছে ৪৪০ কোটি ডলারের। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সংগঠন আইএইচএস গ্লোবাল ইনসাইটের তথ্যমতে, গত বছর মিয়ানমারে বিদেশি বিনিয়োগকারীদের তালিকায় সবার ওপরে ছিল চীন (৮৩০ কোটি ডলার)। আর ভারতের অবস্থান ছিল ১৩তম (মাত্র ১৮ কোটি ৯০ লাখ ডলার)।বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার সরকার গণতান্ত্রিক সংস্কারের পদক্ষেপ নেওয়ার পর এবং পশ্চিমারা অবরোধ তুলে নিতে শুরু করায় দেশটিতে যে বিশাল বাজারের সৃষ্টি হতে চলেছে, তা থেকে নিজেদের বঞ্চিত করতে চায় না ভারত। হংকং বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের রিনাউদ এগ্রিতিয়্যু বলেন, মিয়ানমারের বাণিজ্যিক অংশীদার হতে ভারত তার নীতির পরিবর্তন করছে। তিনি বলেন, ‘মিয়ানমার গোটা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে যাওয়ার পর ভারত এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না।’ তবে এ ক্ষেত্রে ভারতকে সেই আগের মতোই কিছু সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। তা হলো, অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে ঢিলেমি এবং দুই দেশের মধ্যকার রাজনৈতিক আস্থার অভাব।ভারতের প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার ইয়াঙ্গুনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে সু চির সঙ্গে ফের নতুন করে সম্পর্ক স্থাপন করতে চাইছে ভারত।একসময় সু চির গণতান্ত্রিক আন্দোলনের একনিষ্ঠ সমর্থক ছিল ভারত। কিন্তু নয়াদিল্লি নব্বই দশকের মাঝামাঝি এসে তাদের ভোল পাল্টায়। তারা মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তবে জান্তা সরকারের সঙ্গে এ সম্পর্কের কারণে আন্তর্জাতিক মহলে কম সমালোচনা হয়নি ভারতের।কিন্তু মিয়ানমার সরকারের সাম্প্রতিক সংস্কারমূলক কর্মকাণ্ড, বিশেষ করে দেশটির উপনির্বাচনে সু চি ও তাঁর দলের অংশগ্রহণের বিষয়টি ভারতের মনোযোগ আকর্ষণ করেছে। এএফপি।