ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যুৎ রেলসহ সাতটি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও শ্রীলঙ্কা গতকাল বুধবার বিদ্যুৎ সরবরাহ ও রেলপথসহ দ্বিপক্ষীয় সাতটি চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিতে পারস্পরিক নিরাপত্তার বিষয়ও রয়েছে। শ্রীলঙ্কার প্রদেশগুলোতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও তামিলদের সঙ্গে আলাপের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই আলোচনায় ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শ্রীলঙ্কার পক্ষে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। তামিলদের পুনর্বাসন ও জীবিকা নিশ্চিত করার আশ্বাস দেন রাজাপক্ষে। তিন দিনের সফরে ভারতে রয়েছেন রাজাপক্ষে।ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পাদিত সাতটি চুক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে বৈদ্যুতিক গ্রিডের আন্তসংযোগ। এটি শ্রীলঙ্কার বিদ্যুতের চাহিদা মেটাবে। রেলপথবিষয়ক একটি চুক্তি ভারতকে তালাইমানার-মাধু রেলপথ নির্মাণের সুযোগ দিয়েছে।নিরাপত্তা নিয়েও দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এতে স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই ও শ্রীলঙ্কার স্বরাষ্ট্রসচিব ললিত উইরাতুঙ্গে। অপরাধসংক্রান্ত বিষয় নিয়ে পরস্পরকে আইনগত সহায়তা করা ও বন্দী হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে এই চুক্তিতে। এই চুক্তি নিরাপত্তাবিষয়ক অংশীদারির ক্ষেত্রে দুই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্যে বিনিয়োগ বাড়ানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগিতার বিষয় স্থান পায়। মনমোহন সিংকে মাহিন্দা রাজাপক্ষে আশ্বাস দেন, শ্রীলঙ্কার তামিল শরণার্থী যারা এখনো অস্থায়ী শিবিরে বাস করছে, তাদের পুনর্বাসন করা হবে।শ্রীলঙ্কা দাবি করছে, দেশের উত্তরাঞ্চলে স্থানচ্যুত অনেক তামিল নাগরিককে পুনরায় বসতি গড়ে দেওয়া হয়েছে। বাকি যে ৫০ হাজার স্থানচ্যুত তামিল রয়েছে, এর মধ্যে অর্ধেক ইতস্তত ছড়িয়ে আছে। নয়াদিল্লির মতে, যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়ে যাওয়া তামিল নাগরিকদের মর্যাদা ও জীবিকার বিষয় নিশ্চিত করা উচিত। কলম্বো এ ব্যাপারে একমত হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশে গোষ্ঠীগত দুর্দশা লাঘবে তাঁর সরকারের পরিকল্পনা সংক্ষেপে ভারতের প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা ও পুনর্বাসনে ভারতের সহযোগিতার প্রশংসা করেন তিনি। পিটিআই অনলাইন।