ভারত চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাধর প্রতিবেশী চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। বেইজিংকে দিল্লি একই সঙ্গে ‘প্রতিদ্বন্দ্বী ও অংশীদার’ হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল সোমবার অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে সালমান খুরশিদ বলেন, সীমান্তবিরোধ নিয়ে দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ উদ্বেগ রয়েই গেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল এ দুই দেশের মধ্যে কখনো কখনো চরম বিদ্বেষপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হলেও খুরশিদ বলেন, তিনি সামনে এগোনোর ব্যাপারে আত্মবিশ্বাসী। সালমান বলেন, ‘যারা আমাদের অংশীদার, আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও করতে চাই। আবার যারা প্রতিদ্বন্দ্বী, তারা আমাদের অংশীদারও বটে।’ ভারত ও চীনের মধ্যকার সীমান্তবিরোধ গত এপ্রিলে আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ভারত অভিযোগ করে, চীনের সেনারা তাদের ভূখণ্ডের প্রায় ২০ কিলোমিটার অভ্যন্তরে অনুপ্রবেশ করে। অভিযোগের পর দুই পক্ষের মধ্যে তিন সপ্তাহ টানটান উত্তেজনা বিরাজ করে। পরে দুই দেশই সেনাবাহিনী সরিয়ে নেয়। এএফপি।