ভারত-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। বৈঠকের প্রথম দিন দুই দেশের শান্তি-নিরাপত্তা ও কাশ্মীর প্রশ্নে আস্থা ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।নাম প্রকাশ না করার শর্তে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ মুখপাত্র এএফপিকে বলেন, ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও গতকাল ইসলামাবাদে পৌঁছান। স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশিরের সঙ্গে তাঁর আলোচনা শুরু হয়। শুরুতে সালমান বশির এ আলোচনা নিয়ে গভীর আস্থা, আশাবাদ ও দৃঢ়সংকল্প প্রকাশ করেন। এ ব্যাপারে নিরুপমা রাও তাঁর সঙ্গে একাত্মতা পোষণ করেন।বশির বলেন, এ আলোচনা দুই দেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি বছরের শেষ দিকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সংলাপ অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবেও ওই বৈঠকে ইতিবাচক ফল বয়ে আনতে পারে। নিরুপমা রাও বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। এর ওপর আলোকপাত করতে চাই। এ আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হবে বলে আমরা আশাবাদী।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী আলোচনা আজ শুক্রবার শেষ হবে। বৈঠকের শেষ দিনে দুই দফা আলোচনা হবে। আজ জম্মু ও কাশ্মীর এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা হবে।গতকাল প্রথমে দুই দেশের পররাষ্ট্রসচিব কঠোর গোপনীয়তা বজায় রেখে আলোচনা করেন। পরে এতে ভারতের যুগ্ম সচিব (পাকিস্তান-আফগানিস্তান-ইরান) ইবশ সিংহ, যুগ্ম সচিব (পরমাণু বিস্তাররোধ-বিষয়ক) ভেঙ্কটেশ ভার্মা, ভারতের হাই কমিশনার শরৎ সাভারওয়াল ও জ্যেষ্ঠ কর্মকর্তা যোগ দেন।এর আগে ইসলামাবাদে পৌঁছার পর নিরুপমা রাও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে খোলা মন নিয়ে পাকিস্তান এসেছেন। তিনি আরও বলেন, এ বৈঠককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কারণ এর মধ্য দিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের রাজনৈতিক সংলাপ পুনরায় শুরু হতে পারে। ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। গত বছর জুলাই মাসে ভারত-পাকিস্তান মন্ত্র্রী পর্যায়ের সংলাপ ব্যর্থ হয়। এরপর চলতি বছরের শুরুর দিকে এ দুই প্রতিবেশী দেশ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক ও সুদূরপ্রসারী প্রক্রিয়ায় সমন্বিত আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়। এএফপি ও পিটিআই অনলাইন।