ভারত-পাকিস্তান বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এক বছরেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসতে যাচ্ছে পরমাণু শক্তিধর চিরশত্রু ওই দুই দেশ। বৈঠকের আগে ভারত বলেছে, এবারের বৈঠকের লক্ষ্য ‘ক্রমান্বয়ে’ আলোচনায় ফেরার পথ খোঁজা। অন্যদিকে পাকিস্তান বলেছে, তারা দুই দেশের মধ্যকার বিরাজমান সব ইস্যু নিয়ে আলোচনায় প্রস্তুত। তবে তাদের মূল দৃষ্টি থাকবে কাশ্মীরের ওপর।ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও বলেছেন, ভারত ও পাকিস্তানের এবারের বৈঠকের লক্ষ্য ক্রমান্বয়ে আলোচনায় ফেরার পথ খোঁজা। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তান আলোচনা ভেঙে পড়ে। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে নয়াদিল্লি।বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা নিয়ে এখনো মতৈক্যে পৌঁছাতে পারেনি দুই দেশ। ভারত চাইছে সন্ত্রাসবাদের ওপর জোর দিতে। অন্যদিকে পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করতে চায়।গত সোমবার লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) আয়োজিত এক সম্মেলনে নিরুপমা রাও বলেন, ‘আমরা আশা করছি, ক্রমান্বয়ে দুই দেশের মধ্যকার উদ্বেগপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আমরা একটি আন্তরিক ও দায়িত্বশীল সংলাপ এবং আরও ভালো যোগাযোগের পথ সৃষ্টি করতে পারব।’নিরুপমা রাও আরও বলেন, ভারতে হামলার নেপথ্যের পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীগুলোকে দমন করা নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে। ভারত আলোচনার দ্বার খোলা রাখতে পছন্দ করবে।পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশির বলেছেন, পাকিস্তান দুই দেশের মধ্যকার সব বিরোধ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে আলোচনায় কাশ্মীরের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।সালমান বশির সাংবাদিকদের বলেন, ‘আমরা সন্ত্রাসবাদসহ সব বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চাই। তবে আমাদের মূল অগ্রাধিকার হবে কাশ্মীর।’সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের উদ্বেগকে কম গুরুত্ব দিয়ে পাকিস্তানি পররাষ্ট্রসচিব বলেন, ভারতকে অবশ্যই বুঝতে হবে, সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক ইস্যু।আসন্ন ভারত-পাকিস্তান বৈঠকে প্রধানত সন্ত্রাসবাদের ওপর গুরুত্ব দেওয়া হবে—ভারতীয় পররাষ্ট্রসচিব নিরুপমা রাওয়ের এ বক্তব্যের এক দিন পর পাকিস্তানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া দেওয়া হলো।ভারতীয় পররাষ্ট্রসচিব নিরুপমা রাও ও পাকিস্তানি পররাষ্ট্রসচিব সালমান বশিরের মধ্যকার বহুল আলোচিত এ বৈঠকে দুই দেশের কূটনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা চালাবেন ওই দুই শীর্ষস্থানীয় কূটনীতিক। গুলিবর্ষণের অভিযোগভারত ও পাকিস্তানের মধ্যেপ্রথম সরকারি পর্যায়ে আলোচনা শুরুর আগের দিন গতকালবুধবার সীমান্তে পাকিস্তানি সীমান্তরক্ষীদের গুলিবর্ষণের অভিযোগ করেছে ভারত। বিএসএফ অভিযোগ করেছে ‘ভোর বেলাতেই দক্ষিণকাশ্মীরের সাম্বা এলাকায়সীমান্তের ওপার থেকে আমাদের ওপর গুলি চালানো হয়। এতে বিএসএফের কয়েকজন জওয়ান আহত হয়।’ তবে কোনো ধরনের গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে পাকিস্তান। জিনিউজ ও রয়টার্স অনলাইন।