ভারত-পাকিস্তান সীমান্তে কড়া সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) উভয় পাশে দুই দেশের কর্তৃপক্ষ গতকাল শনিবার সেনা মোতায়েন করেছে। এদিকে সীমান্তের অন্তত আটটি এলাকায় গত শুক্রবার ২০ মিনিটব্যাপী গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে। উত্তেজনা নিরসনের লক্ষ্যে ভারতের পক্ষ থেকে ব্রিগেড পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও পাকিস্তান তাতে সাড়া দেয়নি। পাকিস্তানি সেনাবাহিনীতে সব ধরনের ছুটি বাতিল করে সেনাসদস্যদের দায়িত্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রগুলো এ খবর জানিয়েছে। অপর দিকে ভারতীয় সেনাবাহিনীতেও অতিরিক্ত সেনাদল যুক্ত করা হয়েছে। ভারতীয় জওয়ানদের ক্ষোভ: লাইন অব কন্ট্রোল থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত রাজৌরি সেনাশিবিরে ক্ষোভ বিরাজ করছে। সহযোদ্ধা এক জওয়ানের মরদেহের প্রতি পাকিস্তানিদের অবমাননাকর আচরণের কারণে রাজৌরির ভারতীয় জওয়ানরা ক্ষুব্ধ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) বলেন, সময়মতো তাঁরাও পাল্টা আঘাত হানবেন। তবে সেই সময় এখনো আসেনি। অপর এক কর্মকর্তা (মেজর) হতাশা প্রকাশ করে বলেন, ‘পেনাল্টি চলাকালে গোলরক্ষককে টানা চাপের মধ্যে থাকতে হয়। তারা (পাকিস্তান) কারগিলসহ অন্যান্য স্থানে আমাদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। কিন্তু কেবল বসে থাকা এবং নিয়ম মেনে চলাই যেন আমাদের একমাত্র কাজে পরিণত হয়েছে।’ ক্ষুব্ধ ভারতীয় সেনাদের মতে, পাকিস্তানিরা যেভাবে আক্রমণ চালিয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ফিরে যেতে পারছে, তাকে সামরিক পরিভাষায় ভারতের ‘গালে চপেটাঘাত’ বলা যায়। এ ধরনের লজ্জাজনক আক্রমণের সমুচিত জবাব দেওয়া উচিত। পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া।