ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের বিতর্কিত চরম উত্তেজনাপূর্ণ নিয়ন্ত্রণরেখায় গতকাল রোববার পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই ‘বন্দুকযুদ্ধে’ পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছেন। তবে ভারতের পক্ষে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তান অভিযোগ করেছে, ভারতের সেনাসদস্যরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে তাদের একটি নিরাপত্তাচৌকি গুঁড়িয়ে দিয়েছে। আর একজন সেনাকে হত্যা ও আরেকজনকে আহত করেছে। ভারত এই দাবি নাকচ করে বলেছে, পাকিস্তানের সেনারাই উসকানিমূলকভাবে প্রথমে গুলি ছুড়েছে।পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদের ৮০ কিলোমিটার উত্তরে হাজি পীর সেক্টরের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় সেনারা সাওয়ান পাত্র নামের একটি নিরাপত্তা চৌকিতে অভিযান চালায়। বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের সেনাবাহিনী সফলতার সঙ্গে এই হামলার জবাব দিয়েছে। তবে তাদের একজন সেনা শহীদ হয়েছেন। আরেকজন হয়েছেন গুরুতর আহত। পরে ভারতীয় সেনারা একটি অস্ত্র ও একটি ছোরা ফেলে পিছু হটে যায়।’ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ব্রিজেশ পান্ডে পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের সেনাবাহিনী সীমানা অতিক্রম করেনি। তিনি পাল্টা অভিযোগ করেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় কাশ্মীরের উরি জেলার একটি গ্রামে মর্টারের গোলা নিক্ষেপ করেছে। ওই গ্রামটি পাকিস্তানের পীর সেক্টর সংলগ্ন। পান্ডে বলেন, ‘আজ (রোববার) রাত সোয়া তিনটায় পাকিস্তানি সেনারা উরি জেলার একটি গ্রামকে লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করে। এতে কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা ছোট অস্ত্র দিয়ে এর পাল্টা জবাব দিয়েছি। এক ঘণ্টারও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে।’ তিনি জানান, এতে ভারতের কোনো সেনাসদস্য আহত হননি। তবে পাকিস্তানের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাঁদের কিছু জানা নেই।মুসলিম অধ্যুষিত কাশ্মীরের মালিকানা ভারত ও পাকিস্তান উভয়ই দাবি করলেও দুটি দেশই এ অঞ্চল শাসন করছে। এ কারণে ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এ পর্যন্ত দুটি যুদ্ধে লিপ্ত হয়েছে চির বৈরী রাষ্ট্র দুটি। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুটি ২০০৩ সাল থেকে অস্ত্রবিরতি চুক্তি মেনে চলছে। কিন্তু এর পরও মাঝেমধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটছে। এর জন্য উভয়ই পরস্পরকে দায়ী করছে। গত মাসে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কর্মকর্তারা জানান, সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়। এরা সবাই বেসামরিক। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে শান্তি-প্রক্রিয়া বাতিল করে দেয় ভারত। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দুই পক্ষের মধ্যে আবার আলোচনা শুরু হয়। ১৯৮৯ সালে ভারতের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার পর কাশ্মীরে জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার লোক প্রাণ হারালেও সাম্প্রতিক সময়ে সেই তৎপরতা অনেকাংশে কমে এসেছে। এএফপি ও বিবিসি।