ভারত-পাকিস্তান সীমান্তে হামলার পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে সীমান্তে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ভারতনিয়ন্ত্রিত জম্মুতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের জম্মু সীমান্তে আলফা মাচিয়াল এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঘাঁটিতে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিএসএফের অভিযোগ, পাকিস্তানি বাহিনীর গুলিতে পবন কুমার নামের এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জম্মুতে ওই হামলাকে অস্ত্রবিরতি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ভারত। আবার পাকিস্তানও একই অভিযোগ করেছে ভারতের বিরুদ্ধে। পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পাঞ্জাবের শিয়ালকোট শহরের কাছে কয়েকটি সীমান্ত চৌকিতে বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে বিএসএফ। এতে পাকিস্তানি রেঞ্জার্স বাহিনী পিছু হটতে বাধ্য হয়। সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।পরমাণু শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সীমান্তে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক ওই সংঘর্ষ হয় কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল-এলওসি) কাছাকাছি। ভারতের অভিযোগ, এলওসিতে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় ভারতীয় পাঁচ সেনা গত সোমবার নিহত হন। অন্যদিকে, একই এলাকায় ভারতীয় বাহিনীর হামলায় বেসামরিক এক ব্যক্তি গত বৃহস্পতিবার আহত হয়েছেন বলে পাকিস্তান অভিযোগ করে।পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাম্প্রতিক উত্তেজনা নিরসনের মাধ্যমে ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক স্থাপনের ব্যাপারে চেষ্টা করছেন। তিনি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি অস্ত্রবিরতি বহাল রাখার আহ্বান জানিয়েছেন।ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি অভিযোগ করা হয়, কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান চলতি বছরেই ৩০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গত মঙ্গলবার গভীর রাতে কাশ্মীর সীমান্তে পুনচ সেক্টরে এক হামলায় ভারতের পাঁচ সেনা নিহত হয়। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও দেশটি তা অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, সর্বশেষ ওই ঘটনা ভারত-পকিস্তান আলোচনার ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তার কালো ছায়া ফেলেছে। এএফপি, পিটিআই ও ডন।