ভারত-পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরবৈরী দুই দেশ ভারত ও পাকিস্তানকে কাশ্মীর নিয়ে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থা সম্প্রতি সীমান্তে গুলিবিনিময় নিয়ে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা প্রশমনে এই দুই প্রতিবেশীকে আলোচনায় বসার অনুরোধ করেছে। ‘সহিংসতা কোনো সমাধান নয়’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রও ভারত-পাকিস্তানের প্রতি একই রকম অনুরোধ জানিয়েছে। এদিকে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে গতকালও এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে।জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপ (ইউএনএমওজিআইপি) বলেছে, তারা ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা সম্পর্কে সজাগ রয়েছে। তারা উভয় দেশকে যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান দেখানোর এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানাচ্ছে। ২০০৩ সাল থেকে ওই চুক্তি কার্যকর রয়েছে। গ্রুপ আরও বলেছে, মঙ্গলবার (৮ জানুয়ারি) দুই ভারতীয় সেনা হত্যার ঘটনায় তারা কোনো পক্ষের কাছ থেকেই আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।এর আগে পাকিস্তান অভিযোগ করে, ভারতীয় সেনারা গত রোববার (৬ জানুয়ারি) উত্তেজনাপূর্ণ কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে এসে তাদের একটি সেনা ফাঁড়ি গুঁড়িয়ে দেয়। এ সময় তারা এক পাকিস্তানি সেনাকে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাটিতে ওই পর্যবেক্ষক গ্রুপের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে ইসলামাবাদ। অভিযোগের ওপর শিগগিরই তদন্ত চালানো হবে বলে জানিয়েছে এই গ্রুপ। তবে ভারত ওই অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনার দুই দিন পর ভারত অভিযোগ করে, পাকিস্তানি সেনারা মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে এবং তাদের দুই সেনাকে হত্যা করে। আহত করে আরও একজনকে। তাদের মধ্যে এক সেনার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভারত হুঁশিয়ার করে বলেছে, এ ঘটনায় পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে। অবশ্য এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, তাদের এক সেনাসদস্যকে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশেই এমন ‘প্রচারণা চালাচ্ছে’ নয়াদিল্লি। এদিকে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নতুন করে দেখা দেওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বুধবার বলেন, ‘সহিংসতা বন্ধে আমরা উভয় পক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের যেকোনো চেষ্টা আমরা দৃঢ়ভাবে সমর্থন জানাই।’ সীমান্তে গুলিবিনিময়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘সহিংসতা দুই দেশের কারও জন্যই সমাধান বয়ে আনবে না।’ তবে ভারতীয় সেনার মস্তক বিচ্ছিন্ন করার অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপ ‘ইউএনএমওজিআইপি’ ১৯৪৯ সাল থেকে বিতর্কিত কাশ্মীর সীমান্তে দুই দেশের যুদ্ধবিরতি তদারকি করে আসছে। বর্তমানে সেখানে ৩৯ জন সামরিক পর্যবেক্ষক, ২৫ জন আন্তর্জাতিক কর্মী ও ৪৮ জন স্থানীয় বেসামরিক কর্মী ওই কাজে নিয়েজিত আছেন।নিয়ন্ত্রণরেখা বরাবর সাম্প্রতিক উত্তেজনায় কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ ছয় দশক ধরে চলা বিবাদের বিষয়টি নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে। পাকিস্তান দাবি করেছে, কাশ্মীর সীমান্তে গতকাল বৃহস্পতিবার আবারও ভারতীয় সেনারা গুলি করে এক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে উত্তেজনাপূর্ণ এই সীমান্তে তৃতীয়বারের মতো হত্যাকাণ্ড সংঘটিত হলো। এএফপি, পিটিআই ও হিন্দুস্তান টাইমস।