ভারত প্রতিটি ভারতীয়র জন্য: রাহুল গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহারাষ্ট্রে উত্তর ভারতের অভিবাসীদের ওপর হামলার ব্যাপারে শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে (এমএনএস) সতর্ক করে দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের কোনো স্থানে যদি ভারতীয়দের ওপর হামলা হয়, তাহলে তিনি চুপ থাকবেন না।রাহুল বলেন, ‘বাল ঠাকরে বা রাজ ঠাকরে কী বললেন, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু একটা জিনিস বুঝি, ভারত দেশটি প্রতিটি ভারতীয়র। আর দেশের প্রতিটি অংশে প্রতিটি নাগরিকের থাকার অধিকার আছে।’রাহুল গান্ধী বলেন, ‘বিহার এবং উত্তর প্রদেশের মানুষের অধিকার আছে দেশের যেকোনো প্রান্তে যাওয়ার। যদি নিজের দেশে তাঁদের ওপর হামলা হয়, তাহলে আমি চুপ করে বসে থাকব না।’এর আগের দিন রাহুল গান্ধী বলেছিলেন, ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইতে সন্ত্রাসী হামলার সময় ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়েছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোরা। তাঁদের মধ্যেও তো বিহার ও উত্তর প্রদেশের মানুষ ছিল, তাহলে শিবসেনা নেতা উদ্ধভ ঠাকরে এনএসজির বিহার ও উত্তর প্রদেশের কমান্ডোদের ফিরে যেতে বলেননি কেন?তবে রাহুলের এই কথার উত্তরে উদ্ধভ ঠাকরে জানিয়েছেন, কংগ্রেস নেতার ওই মন্তব্যের মাধ্যমে মুম্বাই হামলায় যাঁরা মারা গেছেন, তাঁদের প্রতি অবমাননা করা হয়েছে। পাল্টা আক্রমণে উদ্ধভ বলেন, ‘মুম্বাই হামলার সময় রাহুলই বা কোথায় ছিলেন।বিহার ও উত্তর প্রদেশের শ্রমিকদের মুম্বাইতে কাজ করার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে উদ্ধভ ও রাজ ঠাকরে। তাঁরা দুজনে চাচাতো ভাই। উদ্ধভ শিবসেনা দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে।মুম্বাইয়ের ট্যাক্সিচালকদের মারাঠি ভাষা জানা আবশ্যকীয় হবে কি না, এ নিয়েই বর্তমানে বিতর্ক চলছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা অশোক চবন একবাক্যে বলেছিলেন— হাঁ, জানতে হবে। তবে এ নিয়ে বিস্তর সমালোচনার পর তিনি নিজের অবস্থান কিছুটা শিথিল করে বলেছিলেন, গুজরাটি বা হিন্দি ভাষা জানলেও ট্যাক্সি চালানোর অনুমতি দেওয়া যেতে পারে। তবে এটা মেনে নিতে একেবারেই নারাজ ঠাকরে ভাইয়েরা। এএফপি।