ভারত প্রতিরক্ষা ব্যয় ৫ শতাংশ বাড়িয়েছে
ভারতের প্রতিরক্ষা ব্যয় ৫ শতাংশ বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এই ব্যয় বাড়ানোর কথা জানানো হয়।ভারতের এই ব্যয় বাড়ানোর ঘোষণা প্রতিবেশী দেশ পাকিস্তানকে অস্বস্তিতে ফেলবে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর এই দুটি রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে তারা তিনটি বড় ধরনের যুদ্ধে লিপ্ত হয়। সর্বশেষ কিছুদিন আগে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় দুই পক্ষের অন্তত পাঁচ সেনা নিহত হন।বিশ্বের অস্ত্র কেনার দিক থেকে শীর্ষ দেশগুলোর একটি ভারত। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম গতকাল পার্লামেন্টে জানান, ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৭৪৫ কোটি মার্কিন ডলার। তিনি পার্লামেন্টকে প্রতিশ্রুতি দেন, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও অন্য কোনো খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে না।ভারতে প্রতিরক্ষা খাতে গত বছরের চেয়ে এবারের বরাদ্দ বাড়ানো হয়েছে ৫ দশমিক ২ শতাংশ। দেশটির এক হাজার ২০০ ডলারের বিনিময়ে ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কেনার কথা। এ ছাড়া কয়েক লাখ ডলার দিয়ে যুদ্ধে ব্যবহার করা যায় এমন হেলিকপ্টার ও ড্রোন কেনার কথা রয়েছে। চিদাম্বরম তাঁর বাজেট বক্তৃতায় ৮৬ হাজার কোটি রুপির মূলধনি ব্যয় এবং এক লাখ ১৬ হাজার কোটি রুপির রাজস্ব ব্যয় দেখিয়েছেন। রাজস্ব ব্যয়ের মধ্যে রয়েছে রাজস্ব বিভাগের কর্মচারীদের বেতন, পেনশন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়। গত কয়েক বছরে প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ব্যয় নিয়মিত ১০ শতাংশ হারে বেড়েছে। তবে ব্যয় সংকোচনের মাধ্যমে অর্জিত সরকারি অর্থ দিয়ে সামরিক খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, দেশে ও বিদেশে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিরক্ষা খাতের ক্ষেত্রেও তিনি পরিস্থিতি বর্ণনা করেছেন। অবশ্য এ খাতে তিনি বাজেট বরাদ্দও বাড়িয়েছেন। গতকালঅর্থমন্ত্রীপি চিদাম্বরম লোকসভায় ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট পেশ করেন।এএফপি ও এনডিটিভি।