ভারত-বাংলাদেশ সীমান্তে যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠান উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বর্ডার রিট্রিট সেরিমনি বা যৌথ বিরতি অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বর্ডার রিট্রিট সেরিমনি বা যৌথ বিরতি অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা

ভারত ও বাংলাদেশের মধ্যকার বেনাপোল-পেট্রাপোল সীমান্তে যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে বর্ডার রিট্রিট সেরিমনি বা যৌথ বিরতি অনুষ্ঠান নামে ওই অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

কুচকাওয়াজ অনুষ্ঠান উদ্বোধনের ফলে ভারত-পাকিস্তানের ওয়াঘা-আটারি সীমান্তের মতো বেনাপোল- পেট্রাপোল সীমান্তেও গেট বন্ধ হওয়ার আগে দুই দেশের জাতীয় পতাকা নামানোর সময় সীমান্তরক্ষী বাহিনী যৌথ কুচকাওয়াজে অংশ নেবে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) বি ডি শর্মা, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলামসহ দুই দেশের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের দীর্ঘদিনের একটি স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। এই যৌথ বিরতি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।’ তিনি আরও বলেন, যৌথ কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পর্ক নিবিড় হবে বিজিবি ও বিএসএফের।

এখন থেকে প্রতিদিন সন্ধ্যার আগে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে দুই দেশের পতাকা নামানোর সময় বিএসএফ ও বিজিবির যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
এখন থেকে প্রতিদিন সন্ধ্যার আগে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে দুই দেশের পতাকা নামানোর সময় বিএসএফ ও বিজিবির যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কবিগুরু বরীন্দ্রনাথ এবং কবি নজরুল ইসলাম আমাদের দুই দেশের মানুষকে অনুপ্রাণিত করেছেন।’ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। স্মরণ করেন বঙ্গবন্ধুকেও। একপর্যায়ে তিনি বাংলায় কাজী নজরুল ইসলামের একটি কবিতা ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান’ দুটি লাইন আবৃত্তিও করেন। বক্তব্য শেষ করেন রবীন্দ্রনাথের একটি কবিতার দুটি লাইন আবৃত্তির মাধ্যমে।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় বর্ডার রিট্রিট সেরিমনি। এতে অংশ নেন দুই দেশের সীমান্তরক্ষী বহিনী। আনুষ্ঠানিকভাবে তাঁরা নামান দুই দেশের জাতীয় পতাকা।