ভারত মহাসাগরে রোবট ভাসাবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরের ওপর যৌথ গবেষণার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এ কাজে তথ্য আহরণে সহায়তা করতে ভাসমান বায়ো রোবট ব্যবহার করা হবে।
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অরগানাইজেশন (সিএসআইআরও) এ ঘোষণা দিয়েছে। আজ বুধবার আইএএনএসের খবরে এ কথা জানানো হয়।
ভারত মহাসাগরে রয়েছে মত্স্য ও খনিজ সম্পদের বিশাল ভান্ডার। আশপাশের দেশগুলোর আবহাওয়ার ওপরও এ মহাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব কারণে মহাসাগরটি ভারত ও অস্ট্রেলিয়া উভয়ের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
সিএসআরআইও জানায়, চলতি বছরের মাঝামাঝি থেকে বায়ো রোবট দিয়ে ভারত মহাসাগরের ওপর গবেষণার কাজ শুরু হবে। এ মহাসাগরের সামুদ্রিক বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য ও রসায়নের মধ্যে যে বড় ধরনের পরিবর্তন ঘটে চলেছে, তা অনুসন্ধানের ক্ষেত্রে এ রোবট ভূমিকা রাখবে।
অনুসন্ধানে যে বায়ো রোবট প্রযুক্তি ব্যবহার করা হবে, এতে তিন হাজার ৬০০ সেন্সরযুক্ত নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততা সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে।
এ ছাড়া সমুদ্রের পানিতে মিশে থাকা অক্সিজেন, নাইট্রেট, ক্লোরোফিল, দ্রবীভূত জৈবপদার্থ ও বিক্ষিপ্ত কণার বিষয়েও তথ্য জানাবে এর সেন্সরগুলো। ভারত মহাসাগরের বাস্তুতন্ত্র বুঝতে বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার পানিও পর্যালোচনা করে দেখা হবে।
সিএসআইআরও জানায়, ভারতের সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের (ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি) সঙ্গে সমন্বিতভাবে এ গবেষণাকাজ পরিচালনা করা হবে।
এ গবেষণার মধ্য দিয়ে ভারত মহাসাগরের জলবায়ু ও বাস্তুতন্ত্রের মধ্যকার কার্যকারণ সম্পর্ক ও প্রভাব সম্পর্কে জ্ঞান আরও সমৃদ্ধ হবে বলে সংস্থাটি মনে করছে। এ পুরো প্রকল্পে খরচ হবে আট লাখ ৮০ হাজার মার্কিন ডলার (ছয় কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা)।