ভারত মহাসাগরেও খোঁজা হবে নিখোঁজ বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.মালয়েশিয়ার উপকূলীয় মালাক্কা প্রণালিতে নিখোঁজ বিমানের অনুসন্ধানে মালয়েশীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী রণতরি ও টহল জাহাজ। গতকাল তোলা ছবিটি আজ শুক্রবার প্রকাশ করা হয়। ছবি: এএফপি।
.মালয়েশিয়ার উপকূলীয় মালাক্কা প্রণালিতে নিখোঁজ বিমানের অনুসন্ধানে মালয়েশীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী রণতরি ও টহল জাহাজ। গতকাল তোলা ছবিটি আজ শুক্রবার প্রকাশ করা হয়। ছবি: এএফপি।

ভিয়েতনামের দক্ষিণে জলসীমায় যাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ বিমানের অনুসন্ধানের সীমানা ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। হোয়াইট হাউসের বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বোয়িং ৭৭৭ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার এক ঘণ্টা পর নির্ধারিত যাত্রাপথ থেকে সরে পশ্চিম দিক দিয়ে হয়তো ফেরার চেষ্টা করেছিল। এমন তথ্যের ভিত্তিতে বিমানটিকে অনুসন্ধানের এই সীমানা বৃদ্ধির কারণ হতে পারে।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি সাংবাদিকদের বলেন, ‘নতুন কিছু তথ্যের ভিত্তিতে ভারত মহাসাগরেও খোঁজা হতে পারে ওই নিখোঁজ বিমান। ওসব তথ্য যে একেবারে চূড়ান্ত, তা নয়।’ কোন ধরনের নতুন তথ্য পাওয়া গেছে, তা নিশ্চিত করেননি কার্নি। মালয়েশীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত শুক্রবার মধ্যরাতে ১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। যাত্রীদের মধ্যে ১৫৪ জনই চীনের নাগরিক।
এদিকে বিন্দু পরিমাণ আশা জিইয়ে থাকা পর্যন্ত মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির অনুসন্ধান চালিয়ে যাবে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। নিখোঁজ হওয়ার পর গত ছয় দিনে ২২টি বিমান ও ৪০টি বিভিন্ন ধরনের নৌযান তন্ন তন্ন করে খুঁজছে উড়োজাহাজটিকে। গত মঙ্গলবার চীন ১০টি স্যাটেলাইট মোতায়েন করে।