
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সম্প্রতি নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যান৷ আর এই সফর নিয়ে তিনি বেশ সন্তুষ্ট৷ তাঁর সেই সন্তুষ্টির কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন তিনি৷ নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশন গতকাল বুধবার চিঠিটি মোদির কার্যালয়ে পৌঁছে দিয়েছে৷ খবর টাইমস অব ইন্ডিয়া ও ডনের৷
গত ২৭ মে নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের এক ফাঁকে বৈঠক করেন নওয়াজ ও মোদি৷ সেই বৈঠকে নওয়াজ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলে জোর গুঞ্জন উঠেছিল পাকিস্তানে৷ গত সপ্তাহে পাকিস্তানের গণমাধ্যমে খোদ নওয়াজের দল পিএমএল (এন)-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার একটি উদ্ধৃতি প্রকাশিত হয়৷ ওই নেতা বলেছিলেন, ‘ইসলামাবাদের পক্ষ থেকে “প্রত্যাশার চেয়ে ভালো” বলা হলেও ওই বৈঠক নিয়ে নওয়াজ তৃপ্ত ছিলেন না৷’
পত্রিকার খবরে বলা হয়, ইসলামাবাদ প্রাসঙ্গিক মনে করে—এমন সব বিষয় বাদ দিয়ে বৈঠকে ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদ নিয়ে খুব বেশি কথা বলা হয়৷
এ ধরনের অসন্তুষ্টির গুঞ্জনের মধ্যে মোদিকে চিঠি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ চিঠিতে তিনি লেখেন, ‘দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমাদের যে অর্থপূর্ণ মতবিনিময় হয়েছে, তা থেকে আমি সন্তুষ্টি নিয়ে দেশে ফিরেছি৷’
নওয়াজ তাঁর চিঠিতে বলেন, ‘দুটি দেশের অমীমাংসিত বিষয়গুলোতে সমঝোতার ভিত্তিতে আমরা কাজ করতে চাই৷ আর সেজন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি৷ আশা করি, আমাদের এ প্রচেষ্টা দুই দেশের উজ্জ্বলতর ভবিষ্যতের ভিত গড়ে দেবে৷ উভয় দেশেই লাখ লাখ দরিদ্র মানুষ আছে৷ তাঁরা আমাদের সর্বোচ্চ মনোযোগের দাবিদার৷’
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোদির মায়ের জন্য একটি শাড়ি ও শাল এবং মোদির জন্য একটি উপজাতীয় পোশাক পাঠান৷