ভারত সফরে যাচ্ছেন রাজা পারভেজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আগামী শনিবার প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরকালে তিনি একটি মুসলিম মাজারে যাবেন। উভয় দেশের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন সরকারি কর্মকর্তা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামী শনিবার ভারতে আসবেন। এটা একটা ব্যক্তিগত সফর। সফরকালে সঙ্গে থাকবেন তাঁর পরিবারের সদস্য ও অন্য কর্মকর্তারা। রাজা পারভেজ ভারতের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করবেন না জানিয়ে তিনি বলেন, এটা পরিষ্কারভাবেই একটি ধর্মীয় সফর।রাজা পারভেজ ও তাঁর পরিবারের সদস্যরা রাজধানী নয়াদিল্লি থেকে ২৫০ মাইল পশ্চিমে অবস্থিত আজমির শরিফে সুফিসাধক হজরত খাজা গরিবে নেওয়াজের মাজার জিয়ারত করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাও শনিবার রাজা পারভেজের ব্যক্তিগত সফরে ভারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর বিস্তারিত সফরসূচি এখনো চূড়ান্ত করা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, তাঁর (প্রধানমন্ত্রীর) কর্মসূচি, সেখানে গিয়ে তিনি কী করবেন, কাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এসব বিষয় নির্ধারণে বর্তমানে কাজ চলছে।গত বছরের আগস্ট মাসের পর রাজা পারভেজই হবেন পাকিস্তানে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি ভারত সফরে যাচ্ছেন। এএফপি।