ভারত সফরে যাচ্ছেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন। ২৫ বছরের মধ্যে দেশটিতে এটাই তাঁর প্রথম সফর। গতকাল তাঁর সফরের একজন আয়োজক এ কথা জানিয়েছেন। সু চি ভারতে পড়াশোনা করেছিলেন। তাঁর মা-ও ভারতে মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন। ওই আয়োজক বলেন, সু চি আগামী ১৪ নভেম্বর নয়াদিল্লিতে সম্মানজনক জওহরলাল নেহরু স্মারক বক্তৃতা দেবেন। নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ডের একজন কর্মকর্তা বলেন, ‘স্মারক বক্তৃতার প্রস্তুতি চলছে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।’ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সু চির ভ্রমণ পরিকল্পনার বিষয়ে এখনো কাজ চলছে। এর মধ্যে ভারতের নেতাদের সঙ্গে সু চির বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হতে পারে। এর আগে গত মে মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মিয়ানমার সফর করেন। এএফপি।