
জার্মানিতে পৌঁছেই গতকাল সোমবার দেশটির অর্থনীতির নিয়ন্ত্রকদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্দেশ্য, বিদেশি বিনিয়োগ ও নিজ সরকারের ‘ভারতে তৈরি করো’ প্রচারণায় আকৃষ্ট করা। জার্মান বিনিয়োগকারীদের মোদি বলেছেন, ভারত এখন পাল্টে যাওয়া একটি দেশ। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হ্যানোভারে পৌঁছান মোদি। সেখানে জার্মানির বড় বড় কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।
তিন দিনের এ সফরকালে মোদি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের পাশাপাশি বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। নিজের প্রথম এই জার্মানি সফরের মূল আলোকপাত থাকবে ব্যবসা ও প্রযুক্তির ওপরে। মোদি গতকালই হ্যানোভার মেলা পরিদর্শনে যান, যে মেলার এবারের সহযোগী দেশ ভারত। এতে ৪০০ ভারতীয় কোম্পানির পাশাপাশি জার্মানির তিন হাজার প্রতিনিধি অংশ নেবেন। মেলার ‘ভারত প্যাভিলিয়ন’ যৌথভাবে উদ্বোধন করেন মোদি ও ম্যার্কেল।
পরে ইন্দো-জার্মান ব্যবসা সম্মেলনে মোদি বলেন, ‘আমি এখানে এসেছি জার্মানির বিনিয়োগকারীদের এ বিষয়ে আশ্বস্ত করতে যে ভারত এখন পরিবর্তিত একটি দেশ।...আমাদের কর্মকাণ্ড অধিকতর স্বচ্ছ, প্রতিক্রিয়াশীল ও স্থিতিশীল।’