ভারতকে আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের বিরোধপূর্ণ সীমান্তে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর গত বুধবার উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সঙ্গে সহমত পোষণ করেছে ভারত। দুই দেশের সেনা অভিযানবিষয়ক শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে একমত হন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র জগদীপ দাহিয়া কাশ্মীরের বিরোধপূর্ণ সীমান্তের বরাত দিয়ে বলেন, নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের অভিযানবিষয়ক মহাপরিচালকেরা একটি সমঝোতায় পৌঁছেছেন। তিনি জানান, দুই দেশের অভিযানবিষয়ক শীর্ষ কর্মকতারা প্রায় ১০ মিনিট টেলিফোনে কথা বলেছেন এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা বলেছেন যে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার জন্য কড়া দিকনির্দেশনা দেওয়া হয়েছে।ওই মুখপাত্র আরও জানান, সীমান্তের আশপাশের এলাকায় ভারত ও পাকিস্তান যে সেনাসদস্যদের মোতায়েন করেছে, তাঁরা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করবেন না। পরমাণু শক্তিধর দেশ দুটি ২০০৩ সালে যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। তিনি বলেন, ‘আমরা সব সময় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছি এবং শুধু আক্রমণের জবাব দিয়েছি।’কাশ্মীরের একটি সামরিক সূত্র বলেছে, দুই দেশের অভিযানবিষয়ক শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর থেকে আন্তসীমান্তে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এর আগে বুধবার সকালে পাকিস্তানের টাট্টা পানি সেক্টরের দারা শেরখান গ্রামে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। গত মঙ্গলবার ওই এলাকাতেই এক সেনাসদস্যকে হত্যা করা হয়।দুই দেশের সেনা অভিযানবিষয়ক শীর্ষ কর্মকর্তারা সমঝোতায় পৌঁছার পরপরই নিয়ন্ত্রণরেখায় চলমান উত্তেজনা হ্রাসে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। বুধবার রাতে তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।কাশ্মীর সীমান্তে গত সপ্তাহে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, তাদের দুই সেনাসদস্যকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। এ অভিযোগ নাকচ করে পাকিস্তানি সেনারা দাবি করেছে, দুটি ঘটনায় তাদের তিন সেনাসদস্য ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছেন।হিনা রাব্বানির কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পাল্টাপাল্টি মন্তব্য করে সীমান্তের উত্তেজনা উসকে না দিয়ে দুই পক্ষের উচিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে নিয়ন্ত্রণরেখার সব বিষয় নিয়ে আলোচনা করা।বিবৃতিতে বলা হয়, সীমান্তে সংঘর্ষের ঘটনা ‘প্রশ্নের জন্ম দিয়েছে’ এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে এই সংঘাত নিরসনে প্রস্তুত পাকিস্তান। তবে হিনার আহ্বানের বিষয়ে এখনো ভারতের প্রতিক্রিয়া জানা যায়নি। বিবিসি, এএফপি, দ্য হিন্দু।