ভারতকে কালোটাকার ব্যক্তিদের তালিকা দেবে সুইজারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে সুইস ব্যাংকগুলোয় ভারতীয়দের ১৯৫ কোটি ২৮ লাখ সুইস ফ্রাঁ বা ২১৭ কোটি ৩২ লাখ ডলার গচ্ছিত রয়েছে। এটি ভারতীয় মুদ্রায় ১৩ হাজার ৬০০ কোটি রুপি।
২০১৩ সালে সুইস ব্যাংকগুলোয় ভারতীয়দের ১৯৫ কোটি ২৮ লাখ সুইস ফ্রাঁ বা ২১৭ কোটি ৩২ লাখ ডলার গচ্ছিত রয়েছে। এটি ভারতীয় মুদ্রায় ১৩ হাজার ৬০০ কোটি রুপি।

ভারতকে কালোটাকার বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। সুইস ব্যাংকে যেসব ভারতীয় কাঁড়ি কাঁড়ি অর্থ জমিয়েছেন, তাঁদের তালিকা দেশটির সরকারকে দেবে তারা।

আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে যেসব ভারতীয় নাগরিকের অবৈধ সম্পদ রয়েছে, তাঁদের একটি তালিকা প্রস্তুত করছে সুইস কর্তৃপক্ষ।
কালোটাকা তদন্তে ভারতের নতুন সরকার বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ ভারতের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। দেশটির সরবরাহ করা তালিকা ও তথ্য কালোটাকাধারী ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং বিদেশে থাকা কোটি কোটি ডলার দেশে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

সম্প্রতি প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) কর্তৃক প্রকাশিত ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৩’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, সারা দুনিয়া থেকে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোয় মোট গচ্ছিত অর্থ কমলেও ভারত ও বাংলাদেশ থেকে তা বেড়েছে।

সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে ৬২ শতাংশ বেড়েছে। একই সময়ে ভারতীয়দের অর্থ বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

এতে দেখা যায়, ২০১৩ সাল শেষে সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের অন্তত ৩৭ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ গচ্ছিত রয়েছে, যা প্রায় ৪১ কোটি ৪০ লাখ ডলার বা তিন হাজার ১৬২ কোটি ৩৭ লাখ টাকা।

একই সময়ে, অর্থাত্ ২০১৩ সালে ভারতীয়দের ১৯৫ কোটি ২৮ লাখ সুইস ফ্রাঁ বা ২১৭ কোটি ৩২ লাখ ডলার গচ্ছিত রয়েছে। এটি ভারতীয় মুদ্রায় ১৩ হাজার ৬০০ কোটি রুপি।