ভারতকে বাণিজ্যে বিশেষ মর্যাদার প্রস্তাব পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী ভারতকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) হওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। নয়াদিল্লি-ইসলামাবাদ সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় এ প্রস্তাব দেওয়া হয় বলে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে ডন পত্রিকা জানিয়েছে।
পাকিস্তানের প্রস্তাবে রাজি হলে ভারত আগামী মাস থেকেই এ সুবিধা পাবে। তবে বিনিময়ে পাকিস্তানের একটি শর্ত মানতে হবে ভারতকে। তা হচ্ছে ভারতের বাজারে হ্রাসকৃত শুল্কে পাকিস্তানের ২৫০-৩০০টি পণ্যের প্রবেশাধিকার দিতে হবে। পাকিস্তানের কাছ থেকে এমএফএন মর্যাদা পাওয়ার অর্থ হবে বর্তমানে ভারতের এক হাজার ২০৯টি পণ্যের নেতিবাচক তালিকা বাতিল করা হবে।
২০১২ সালে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের বাজার ভারতীয় পণ্যের জন্য উন্মুক্ত করেছিল। তবে গত বছরের মে মাসের পার্লামেন্ট নির্বাচনের বিষয়টি মাথায় রেখে ওই চুক্তি পূর্ণাঙ্গভাবে তখন প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রটি মনে করছে, ভারত ইসলামাবাদের প্রস্তাবটি গ্রহণ করবে। কেননা, ইসলামাবাদ পূর্ণাঙ্গ এমএফএন মর্যাদা অনুমোদনের রূপরেখার সময় তিন বছর থেকে কমিয়ে ৪৫ দিনে নিয়ে এসেছে। এটা কংগ্রেস দলের জন্য বিরাট একটা রাজনৈতিক সুবিধা।
এ বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগির ডন পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, আমরা ভারতকে আগামী মাসে একটি বৈষম্যহীন বাজারে প্রবেশাধিকার (এনডিএমএ) দিতে রাজি হয়েছি।’ এমএফএন মর্যাদারই নতুন নাম হচ্ছে এনডিএমএ। রাজনৈতিক ঝামেলা এড়াতে এ নাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
অবশ্য মন্ত্রী দস্তগির এও বলেন যে পাকিস্তান যেসব পণ্যের বাজার-সুবিধা চেয়েছে, হ্রাসকৃত শুল্কে সেগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করা হলেই কেবল ভারতকে ওই মর্যাদা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বস্ত্র ও রাসায়নিক পণ্য, যেগুলো বর্তমানে উচ্চ শুল্কে ভারতে প্রবেশ করে থাকে। পাকিস্তান এরই মধ্যে পণ্যগুলোর তালিকা ভারতের কাছে হস্তান্তর করেছে। ডন।