পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ভারতকে বাণিজ্যে সমমর্যাদার সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এর অর্থ শুধু এই, দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যিক বৈষম্য নেই।চলতি বছরের শেষ নাগাদ ভারতকে এমএফএন মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গিলানি সরকার। কিন্তু বিষয়টির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন কট্টরপন্থী সংগঠন। এর পরিপ্রেক্ষিতে গিলানি এ কথা বললেন।প্রধানমন্ত্রী গিলানি বলেন, ইতিমধ্যে বিশ্বের আরও প্রায় ১০০টি দেশকে একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছে। বাণিজ্য ভারসাম্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।তবে গিলানি বলেন, ভারতকে এমএফএন মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো আপস করবে না সরকার। ২০০৮ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে দেড় হাজার কোটি রুপির রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে।গিলানি সরকার ভারতকে এমএফএন মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রতিবাদ জানিয়েছে জামাত-উদ-দাওয়াসহ বিভিন্ন কট্টরপন্থী দল ও সংগঠন। সরকার যদি এ সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আন্দোলন শুরুর হুমকিও দিয়েছে ওই দলগুলো। পিটিআই।