ভারতকে যৌথ কৌশলের প্রস্তাব দেবেন নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ‘উত্তেজনা’ পর্যবেক্ষণে যৌথ কৌশল গ্রহণের প্রস্তাব দেবেন। গতকাল রোববার যুক্তরাষ্ট্রে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা। দুজনই নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে সে দেশে রয়েছেন।
সম্প্রতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় আবার বিক্ষিপ্ত সংঘর্ষ ও সন্দেহভাজন জঙ্গি হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে।
ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘নিয়ন্ত্রণরেখায় উত্তেজনাকর পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা যৌথভাবে কৌশল গ্রহণের জন্য একটি প্রস্তাব দেব। আমরা নিরপেক্ষ তদন্তেও রাজি আছি, তা জাতিসংঘের মাধ্যমে হলেও।’
নওয়াজ বলেন, ভারত রাজি না হলে তাঁরা পৃথকভাবে দুই পররাষ্ট্রসচিব ও সেনাবাহিনীর ডিজিএমও পর্যায়ে বৈঠক আহ্বান করার কথা বিবেচনা করছেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন তাঁকে (নওয়াজ) ‘ভালো মানুষ’ বলায় ধন্যবাদ জানান তিনি।
নওয়াজ বলেন, ‘মনমোহন সিংয়ের সঙ্গে এই প্রথম বৈঠকে অংশ নিচ্ছি। শুধু বলব, ১৯৯৯ সালের পর সঙিন অবস্থায় চলে যাওয়া ভারত-পাকিস্তানের সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই। মনমোহন সিংও ভালো মানুষ, আমি তাঁর সঙ্গে বৈঠক করার জন্য সাগ্রহে প্রতীক্ষা করছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রীকে আবারও পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানাব। আশা করছি, নিজের জন্মস্থান দেখার জন্য তিনি পাকিস্তান সফর করবেন।’
দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়ে নওয়াজ বলেন, ‘পরস্পরকে দোষারোপ করা বন্ধের সময় এসেছে। উন্নয়নের জন্য অর্থ ব্যয় না করে এফ-১৬ যুদ্ধবিমান কিনে অস্ত্র প্রতিযোগিতায় মেতে অর্থ অপচয় করা কেন?’ ভারতশাসিত জম্মুতে গত বৃহস্পতিবার জোড়া বোমা হামলায় ১০ জন নিহত হওয়া প্রসঙ্গে নওয়াজ বলেন, ‘এটা দুঃখজনক। আমি দৃঢ়ভাবে এ ঘটনার নিন্দা জানাই। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।’
নওয়াজের সমালোচনায় মোদি: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের কঠোর সমালোচনা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত আগামী প্রধানমন্ত্রী প্রার্থী মোদি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীকে উপহাস করার অধিকার নওয়াজ শরিফের নেই।’ টাইমস অব ইন্ডিয়া।