ভারতজুড়ে কবিগুরুর ১৫০তম জয়ন্তী উদ্যাপন
কবিগুরুর সার্ধশত বা ১৫০তম জয়ন্তী উদ্যাপিত হলো গতকাল রোববার কলকাতাসহ ভারতজুড়ে। গতকাল ভোরে কলকাতায় শুরু হয় রবীন্দ্র উৎসব। প্রভাতফেরিসহ আয়োজন করা হয় নানা কর্মসূচি। তবে কবির জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এই সার্ধশত জয়ন্তীর সূচনা হয় শনিবার রাতেই। গতকাল দিনভর চলে এখানে নানা অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত থেকে নাটক, আবৃত্তি থেকে নৃত্যনাট্য। এতে যোগ দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ কলকাতার বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পীরা। এদিন ভোরে কলকাতার রবীন্দ্রসরোবর থেকে বের হয় প্রভাতফেরি। কলকাতার কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নিয়ে গঠিত ‘সম্প্র্রীতি’ আয়োজন করে এই প্রভাতফেরির। এতে অংশ নেন কলকাতার বিশিষ্টজনেরা। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নন্দন ও রবীন্দ্র সদন প্রাঙ্গণে আয়োজন করে কবি-প্রণামের। এখানেই চার বিশিষ্টজনকে দেওয়া হয় রবীন্দ্র স্মৃতি পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় রবীন্দ্র সদনে আয়োজন করে সার্ধশত বর্ষ পালনের নানা অনুষ্ঠান। ৬ জুন পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। কলকাতা পৌরসভা কলকাতার ঐতিহাসিক টাউন হলে আয়োজন করে রবীন্দ্র উৎসবের। রবীন্দ্র সার্ধশত উৎসব কমিটি রোববার বিকেলে কলকাতার হাজরা মোড় এবং ধর্মতলা থেকে পৃথক দুটি শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রা শেষ হয় রবীন্দ্র সদনে। এতে অংশ নেন কলকাতার হাজারো রবীন্দ্র-ভক্ত। এ ছাড়া নব নালন্দা, রবিতীর্থ, পথের পাঁচালি, মিতালি, সুরলোকও পৃথকভাবে আয়োজন করে রবীন্দ্রজয়ন্তীর। দিনটিকে ঘিরে কলকাতার সব পত্রিকা প্রকাশ করে বিশেষ সংখ্যা। বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করে নানা অনুষ্ঠানমালার। কবিগুরুর স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে রবীন্দ্র উৎসব শুরু হয় শনিবার থেকে। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, বৈতালিক, কবিকণ্ঠ, উপাসনা, চিত্র প্রদর্শন, নাটক ও সংগীতানুষ্ঠান। এ ছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন রাজ্যে সাড়ম্বরে উদ্যাপিত হয়েছে কবিগুরুর সার্ধশত জয়ন্তী।এদিকে গতকাল বিকেলে এই দিনটিকে স্মরণে রাখার জন্য কলকাতায় ‘সংস্কৃতি-যাত্রা’ ট্রেনের উদ্বোধন করা হয়েছে। এটি কোনো যাত্রীবাহী ট্রেন নয়। চলন্ত একটি রবীন্দ্র জাদুঘর। পাঁচটি শীতাতপ কোচ নিয়ে তৈরি হয়েছে এই চলন্ত রবীন্দ্র জাদুঘর। এতেই রয়েছে কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে প্রদর্শনী। এক বছর ধরে এই ট্রেনটি চলবে ভারতজুড়ে। দাঁড়াবে দেশের ৭০টি রেলস্টেশনে। কলকাতার হাওড়া স্টেশনে গতকাল বিকেলে এই চলন্ত রবীন্দ্র জাদুঘরের উদ্বোধন করেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আগামী বছরের ২৫ বৈশাখের আগেই এই ট্রেনটি ফিরে আসবে কলকাতায়।