ভারতজুড়ে বন্ধ্, দ্বিতীয় দিনেও জনজীবন ব্যাহত
ভারতে গতকাল বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে ধর্মঘট (বন্ধ্) পালিত হয়েছে। বনেধ দেশটির বিভিন্ন অংশে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। সরকারি পরিবহনব্যবস্থা চালু থাকলেও ব্যাংক-বিমা বন্ধ ছিল। বেশ কিছু এলাকায় কলকারখানা বন্ধ ছিল। রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে কিছু অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খোলা ছিল।নয়াদিল্লির পার্শ্ববর্তী নয়ডা এলাকায় গতকাল নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। গত বুধবার বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই এলাকার বেশ কিছু কারখানা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৫০ জনকে আটক করেছে পুলিশ। পণ্যের মূল্যবৃদ্ধি, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগসহ সরকারের গৃহীত বিভিন্ন নীতিমালার প্রতিবাদে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন বুধবার থেকে ৪৮ ঘণ্টার বনেধর ডাক দেয়। মোট ১১টি শ্রমিক সংগঠন এই ধর্মঘটে অংশ নেয়। তবে গতকাল দ্বিতীয় দিনে বনেধ পশ্চিমবঙ্গের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। সড়কে যানবাহন চলেছে। বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। অবশ্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলো বন্ধ ছিল। অধিকাংশ ব্যাংকের এটিএম বুথে অর্থের সরবরাহ ছিল না।দিল্লিতে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। সেখানে বেশির ভাগ অটোরিকশা ও ট্যাক্সি রাস্তায় নামেনি। কিছু কলকারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা ছিল। তবে সেগুলোতে শ্রমিক ও ক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম।কেরালায় পরিবহন ও ব্যাংকিং খাতসহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠানেই শ্রমিকেরা কাজে যোগ দেননি। সড়কে বাস ও ট্যাক্সি চলাচল করেনি। তবে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। সরকারি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।কর্ণাটকে ঢিলেঢালাভাবে বন্ধ্ পালিত হয়েছে। পরিবহনব্যবস্থা স্বাভাবিক ছিল। দোকানপাটও খোলা ছিল। কিছু ব্যাংকসহ স্কুল-কলেজ বন্ধ ছিল। অন্ধ্র প্রদেশে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা বিক্ষোভ করেছেন। তামিলনাড়ুতে ব্যাংক ও ডাকঘর বন্ধ ছিল। তবে দোকানপাট খোলা ছিল। সড়কে যানবাহন চলাচল করেছে। চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ করেছেন। সেখানকার অধিকাংশ ব্যাংকের এটিএম বুথেই অর্থের সরবরাহ ছিল না। পাঞ্জাব, হরিয়ানা ও ছত্তিশগড়ে ব্যাংক ও পরিবহনব্যবস্থা ব্যাহত হয়েছে। তবে পাঞ্জাব ও হরিয়ানায় কলকারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক ছিল।ওডিশার অনেক জায়গায় ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত হয়েছে। দোকানপাট, মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠান ও পেট্রলপাম্প বন্ধ ছিল। সড়কে বাস, ট্যাক্সি ও অটোরিকশা কম থাকায় জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়েছে। আসামে ধর্মঘটের বিষয়ে মানুষের তেমন আগ্রহ লক্ষ করা যায়নি।কান কেটে নিলেন তৃণমূলের কর্মীরা: ধর্মঘটে (বন্ধ্) অফিস না করায় ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একজন পঞ্চায়েত কর্মীর কান কেটে ফেলেছেন। গতকাল বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার জালাঙ্গি নামক জায়গায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই পঞ্চায়েত কর্মীর নাম হজরত ওমর। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।’ দ্য হিন্দু, বিবিসি ও আইএএনএস।