ভারতবর্ষ নিয়ন্ত্রণ করবেন মমতা: মুকুল রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসের মধ্যেই ভারতীয় সংসদ লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুলভাবে জয়ী হবে তৃণমূল। আর এর মধ্য দিয়ে ভারতবর্ষ নিয়ন্ত্রণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল শুক্রবার দলীয় এক সমাবেশে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় এ কথা বলেন।

উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ও বসিরহাটে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময় সমাবেশে মুকুল বলেন, ‘চার মাস অপেক্ষা করুন, দেখবেন ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্ব দেবেন তিনি।’

সমাবেশে তৃণমূল যুবার সভাপতি ও মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের ভয় দেখিয়ে লাভ নেই। পৃথিবীর সব এজেন্সি দিয়ে তদন্ত করালেও মমতার কেশ স্পর্শ করা যাবে না। প্রকাশ কারাত, মায়াবতী, মুলায়ম সিংদের সিবিআই দিয়ে ভয় দেখানো যায়, তবে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়।’ তিনি আরও বলেন, ‘মানুষের ভালোবাসায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। অ্যাটম বোমাও তাঁকে স্পর্শ করতে পারবে না।’