ভারতবাসীকে ধন্যবাদ জানালেন মোদি

ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে ভোট শেষ হওয়ার পরপরই জনগণ ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। আজ সোমবার এক টুইটার বার্তায় তিনি তাঁর অভিব্যক্তি প্রকাশ করেন। খবর এনডিটিভির।
ওই টুইটার বার্তায় মোদি বলেন, ‘ভারত ভোট দিয়েছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উত্সব শেষ হলো। এ উত্সবে লাখ লাখ ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) জনগণের রায় হয়েছে। ১৬ মে থেকে ভোট গণনা শুরু হবে। কিন্তু আমরা ইতিমধ্যেই অপ্রতিরোধ্য জয়ী পেয়েছি। তারা হলো ভারতের জনগণ। আবারও ভারত জিতেছে। ব্যালটের শক্তি বিজয়ী হয়েছে। গণতন্ত্রের চেতনার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হয়েছে।’
নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ‘এ বিশাল কর্মযজ্ঞ সম্পাদনের জন্য আমি নির্বাচন কমিশনকে অভিবাদন জানাই। আমি ধন্যবাদ ও স্যালুট জানাই অগণিত ভোটকর্মী, নিরাপত্তা কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের, যাদের সহায়তা ছাড়া নির্বাচন সম্ভব ছিল না।’