করোনাভাইরাসের ডেলটা ধরনের দাপট থাকায় ভারতসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের যেসব ক্রীড়াবিদ অলিম্পিকে অংশ নিতে যাবেন, তাঁদের জন্য বাড়তি কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে জাপান সরকার।
টোকিওর উদ্দেশে রওনা হওয়ার এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন তাঁদের করোনা পরীক্ষা নেওয়ার অনুরোধ জানানো হবে। এ সময় তাঁদের আইসোলেশনে থাকতে হবে। আর জাপানে আসার পর তিন দিন নিজেদের মধ্যে ছাড়া বাইরের কারও সঙ্গে মিশতে দেওয়া হবে না। ভারতের বাইরে দক্ষিণ এশিয়ার অন্য পাঁচটি দেশ হচ্ছে আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
সোমবার জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব কাটসুনোবু কাটো এক সংবাদ সম্মেলনে করোনার ডেলটা ধরনের দেশগুলোর ক্রীড়াবিদ, কোচিং স্টাফসহ ভ্রমণকারী দলের প্রতিনিধিদের জন্য নতুন বিধিনিষেধের বিষয়গুলো তুলে ধরেন। এসব বিধিনিষেধ চূড়ান্ত করার জন্য জাপান সরকার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও গেমস আয়োজক কমিটির সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন তিনি।
জাপান সরকার ইতিমধ্যে অলিম্পিকে যোগ দেওয়ার উদ্দেশ্যে টোকিও আসার প্রস্তুতি নিতে থাকা সব ক্রীড়াবিদের জন্য দেশ থেকে রওনা হওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে দুটি পরীক্ষা নিতে বলেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির মাধ্যমে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটিকে এ সম্পর্কে জানানো হয়েছে। দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের ক্রীড়াবিদদের বেলায় এর বাইরে নতুন অতিরিক্ত পদক্ষেপও কার্যকর হবে।
বাংলাদেশকে এখন পর্যন্ত নতুন এই বর্ধিত পদক্ষেপে অন্তর্ভুক্ত করা হয়নি। টোকিও অলিম্পিকে যোগদানের জন্য জাপানে আসার পর সব অ্যাথলেটের জন্য বিমানবন্দরে ভাইরাস পরীক্ষা নেওয়া ছাড়াও অলিম্পিক উপলক্ষে জাপানে অবস্থানের পুরো সময় ধরে প্রতিদিন অন্তত দুবার করে তাঁদের ভাইরাস পরীক্ষা নেওয়ার ব্যবস্থা জাপান সরকার করবে।
বাংলাদেশ এখন পর্যন্ত কেবল সবার জন্য বাধ্যতামূলক নিয়মাবলির আওতায় থাকায় আমাদের অলিম্পিক প্রতিযোগীরা তাঁদের দক্ষিণ এশিয়ার অন্যান্য সহক্রীড়াবিদের চেয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবেন। তবে অলিম্পিক শুরু হওয়ার আগপর্যন্ত এই সুবিধা ধরে রাখতে হলে বাংলাদেশের অবশ্যই উচিত হবে সংক্রমণের বিস্তার কার্যকরভাবে সামাল দেওয়ার জন্য লকডাউন কিংবা শাটডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা।
আগামী ২৩ জুলাই শুরু হতে যাওয়া অলিম্পিক করোনা ছড়ানোর বড় আসর হয়ে উঠতে পারে বলে শঙ্কা থেকে নতুন নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
এদিকে জাপানের প্রভাবশালী দৈনিক আসাহি শিম্বুনের চালানো এক জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ বলেছে, গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস বাতিল করার পক্ষে তারা। তবে গেমস শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে সে রকম অবস্থায় ৬৪ শতাংশ এখনো চাইছে যে অলিম্পিক ও প্যারালিম্পিকে দর্শক প্রবেশ যেন নিষিদ্ধ রাখা হয়। ৩০ শতাংশ সীমিত পর্যায়ে দর্শকদের অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে উপস্থিতি দেখতে আগ্রহী। শনি ও রোববার সাপ্তাহিক ছুটির সময় টোকিওবাসীর মধ্যে টেলিফোনে এই জরিপ চালায় আসাহি।
অলিম্পিকের আয়োজকেরা এর আগে এ রকম সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সর্বোচ্চ ১০ হাজার পর্যন্ত এবং ভেন্যুর ধারণক্ষমতার অর্ধেক আসনে দর্শক যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে অলিম্পিক এগিয়ে আসা অবস্থায় করোনা পরিস্থিতির অবনতি হওয়া বন্ধ না হলে দর্শক ছাড়াই বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান আয়োজনের সম্ভাবনা আয়োজকেরা এখনো বিবেচনায় রেখেছেন।