ভারতীয় ভূখণ্ড চীনকে ছেড়ে দেওয়া হবে না: অ্যান্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি গতকাল শুক্রবার বলেছেন, ভারতীয় ভূখণ্ডের কোনো অংশই চীনকে ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। চীন সম্প্রতি ভারতের কয়েক শ বর্গকিলোমিটার জায়গা দখল করেছে—এমন খবরের প্রেক্ষাপটে লোকসভায় এক বিবৃতিতে এ কথা বলেন অ্যান্টনি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। তিনি এও বলেন, ভারতীয় ভূখণ্ড চীনের ভোগদখলের কোনো কথা শ্যামসরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এর আগে পার্লামেন্টবিষয়ক মন্ত্রী কমল নাথ গণমাধ্যমকর্মীদের বলেন, কিছুই লুকানোর নেই। এ নিয়ে লুকোচুরি করছে না সরকার। কারণ এতে জাতীয় স্বার্থ জড়িত, এর জাতীয় গুরুত্ব অনেক। তাই সবকিছু পরিষ্কার করে বলা হবে। প্রয়োজন হওয়া মাত্রই এ নিয়ে আলোচনা করা হবে।
প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা প্রকাশ জাভাদেকার সরকারকে আক্রমণ করে বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতের দিকে আমাদের সেনাবাহিনীকে টহল দিতে নিষেধ করেছে বেইজিং। অথচ সরকার বলছে, সেখানে কিছুই হয়নি। সীমান্তে কী ঘটছে, এ নিয়ে আমরা ও সারা দেশবাসী উদ্বিগ্ন।’
প্রকাশ জাভাদেকার আরও বলেন, ‘চীনের সঙ্গে এ বিরোধ নিশ্চয়ই মেটানো সম্ভব। তবে এ জন্য রাজনৈতিক সদিচ্ছা থাকা চাই। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আমি ভেবে পাই না, চীনকে মোকাবিলায় সরকার কেন ঢিলেমি করছে।’
জি-২০ সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন কি না এ প্রশ্নও তোলেন বিজেপি নেতা প্রকাশ। তিনি বলেন, ‘আমরা জোর দাবি জানাচ্ছি যেন আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।’
মনমোহন সিংয়ের নির্দেশে জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা কমিটির (এনএসএবি) চেয়ারম্যান শ্যামসরণের নেতৃত্বে গঠিত একটি কমিটি গত ২ থেকে ৯ আগস্ট সীমান্তের লাদাখ এলাকা পরিদর্শন করে
অভিযোগ উঠেছে, চীনের সেনারা লাদাখ এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের ভেতরের দুটি অংশে ভারী যান চলাচলের উপযোগী রাস্তা তৈরি করেছে।
বিজেপি নেতা যশোবন্ত সিং গত বৃহস্পতিবার লোকসভায় বিষয়টি উত্থাপন করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শ্যামসরণ কমিটির বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইতিমধ্যে ভারতের ৬৪০ বর্গকিলোমিটার জায়গা বেদখল করেছে চীন। পিটিআই।