ভারতীয় উদ্যোক্তার নামে নিউ জার্সির সড়কের নাম
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সতীশ মেহতানির নামে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন শহরের একটি সড়কের নাম রাখা হয়েছে। সড়কটির নাম ‘মেহতানি ওয়ে’। খাবারের দোকানের মাধ্যমে ভারতীয় রান্নাকে জনপ্রিয় এবং শহরের সংস্কৃতি ও অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় মেহতানিকে এ সম্মাননা দেওয়া হয়। খবর পিটিআইয়ের।এডিসন শহরের মেয়র জুন চোই গত শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সড়কের নামফলক উন্মোচন করেন। ওই সময় উপস্থিত ছিলেন সতীশ মেহতানি। অনুষ্ঠানে চোই বলেন, ‘এ ধরনের আনুষ্ঠানিক সম্মান যোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকে। এই প্রথমবারের মতো আমি একজন উদ্যোক্তার নামে সড়কের নামকরণ করছি, যাঁর ভূমিকা এডিসন শহরের সংস্কৃতি ও অর্থনীতিকে সমৃদ্ধ করেছে।’ এডিসন শহরে ভারতীয় বংশোদ্ভূত অনেক মার্কিন নাগরিকের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শহরের প্রায় দুই মাইল এলাকার মধ্যে দক্ষিণ এশীয়দের তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যে শহরটি ‘লিটল ইন্ডিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। ১৯৭০ সালের মার্চ মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসেন মেহতানি। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের জন্য ইন্দো-সুইস ট্রেনিং সেন্টার গড়ে তোলায় ইতিমধ্যে তিনি স্বর্ণপদক পেয়েছেন। নিউ জার্সিতে মেহতানি ও তাঁর পরিবারের সদস্যরা ভারতীয় খাবারের অনেক দোকান পরিচালনা করছেন।