ভারতীয় কূটনীতিকের ওপর চীনা ব্যবসায়ীদের হামলা
চীনে একদল ব্যবসায়ীর হামলায় ভারতের একজন কূটনীতিক গুরুতর আহত হয়েছেন। এস বালাচন্দ্রণ নামে ওই কূটনীতিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীনের সাংহাই প্রদেশের ইয়ু শহরে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের কনসাল জেনারেল রিভা গাঙ্গুলি দাস বলেন, স্থানীয় লোকজনের হাতে জিম্মি দীপক রাহেজা ও শ্যামসুন্দর আগারওয়াল নামের ভারতীয় দুই নাগরিককে মুক্ত করতে চেয়েছিলেন বালাচন্দ্রণ। পাওনা অর্থের দাবিতে দীপক ও শ্যামসুন্দরকে দুই সপ্তাহ ধরে জিম্মি করে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা।ওই দুই ভারতীয় নাগরিকের মুক্তির ব্যাপারে ইয়ুর আদালতে পাঁচ ঘণ্টাব্যাপী আলাপ-আলোচনা করেন বালাচন্দ্রণ। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বালাচন্দ্রণের ওপর হামলা করেন এবং ওই দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলায় ভারতীয় কূটনীতিক অচেতন হয়ে পড়েন। আদালতের বিচারক ও পুলিশের সামনেই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে চীনা হাইকমিশনের উপপ্রধানকে তলব করেছে। পিটিআই।