ভারতীয় গণমাধ্যমে সমালোচনার ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে রাসায়নিক কারখানায় দুর্ঘটনার মামলার রায় নিয়ে দেশটির গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে রায়ের কঠোর সমালোচনা করা হয়। রায় ঘোষণার পর থেকেই বিভিন্ন সংবাদ সংস্থা ও টেলিভিশনের প্রতিবেদনে ভুক্তভুগীরা সুবিচার পায়নি বলে তুলে ধরা হয়।গত সোমবার ভারতের একটি আদালত এই মামলায় যুক্তরাষ্ট্রের ইউনিয়ন কার্বাইডের ভারতীয় আটজন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে দুই বছর করে কারাদণ্ড দেন। তাঁদের সবাইকে আবার জামিনে মুক্তি দেওয়া হয়েছে। রায়ে ইউনিয়ন কার্বাইডের প্রধান নির্বাহী ওয়ারেন অ্যান্ডারসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি রায়ের কোথাও তাঁর সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানায় ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ওই দুর্ঘটনা ঘটে। এতে বেসরকারি হিসেবে ১৫ হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রায় ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।ইতিহাসে সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনার রায়ের সমালোচনা করে ভারতের ট্যাবলয়েড মেইল টুডে এ সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম করেছে ‘ভারতের লজ্জা’। দেশটির প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে ‘বিচারের নামে কালক্ষেপণ ন্যায় বিচারের পথে বাধা’। দ্য এক্সপ্রেস, দ্য টাইমস ও নিউজ চ্যানেল এনডিটিভির প্রতিবেদন ছিল ‘মূল হোতা পালিয়েছে’। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে লেখা হয়েছে, দুর্ঘটনার শিকার ভারতীয় নাগরিকেরা যখন দিনের পর দিন যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন ভারত সরকার ইউনিয়ন কার্বাইডের তৎকালীন প্রধান নির্বাহী অ্যান্ডারসনকে নিউইয়র্কে নিরাপদে থাকার সুযোগ দিয়েছে।ভোপালে ওই দুর্ঘটনার পর ভারত সরকারকে ক্ষতিপূরণ হিসেবে ৪৭ কোটি ডলার দেয় ইউনিয়ন কার্বাইড কোম্পানি। ১৯৯৯ সালে ওই কোম্পানিকে কিনে নেয় ডাও কেমিক্যাল নামের আরেকটি কোম্পানি। এএফপি।