ভারতীয় ছাত্রকে হত্যার দায়ে অস্ট্রেলীয় কিশোরের কারাদণ্ড
ভারতীয় এক ছাত্রকে হত্যার দায়ে এক অস্ট্রেলীয় কিশোরকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেলবোর্নের একটি আদালত এ রায় দেন।সাজা পাওয়া ওই কিশোরের পরিচয় গোপন রেখে জানানো হয়, ২০১০ সালের ২ জানুয়ারি ওই হত্যাকাণ্ড ঘটে। সে সময় অস্ট্রেলীয় কিশোরটির বয়স ছিল ১৫ বছর। অস্ট্রেলিয়ায় পড়তে আসা ভারতীয় ছাত্রের নাম নিতিন গার্গ (২১)। তিনি অ্যাকাউন্টিং বিষয়ের স্নাতক শ্রেণীর একজন শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন মেলবোর্ন শহরের একটি পার্কের মধ্য দিয়ে নিজের কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। এ সময় কিশোরটি তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় সে নিতিনের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় নিতিন কোনোমতে তাঁর কর্মক্ষেত্র বার্গারের রেস্তোরাঁয় পৌঁছান। পরদিন সকালে হাসপাতালে তিনি মারা যান।আদালতের বিচারক পল কগলান অবশ্য গতকাল রায় ঘোষণার সময় বলেন, ওই ঘটনা কোনো সাম্প্রদায়িক সহিংসতার বিষয় নয়, এটি ছিল একটি সাধারণ অপরাধ। কিশোরটির ওই ভারতীয় শিক্ষার্থীকে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না। দুর্ঘটনাক্রমে হত্যাকাণ্ডটি ঘটে গেছে। এএফপি।