ভারতীয় জলসীমায় চীনা বাহিনীর ঢোকার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সামরিক বাহিনী চায়নিজ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গত শুক্রবার ভারত-চীন সীমান্তের পানগং লেকে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করতে কয়েক দফা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ভারতীয় বাহিনী সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
লাদাখ সীমান্তে স্থলপথে অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালায় পিএলএ। তবে ভারতের সেনাবাহিনী এ ধরনের খবর অস্বীকার করেছে। খবর পিটিআইয়ের।
ভারত সরকারের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, সর্বশেষ গত শুক্রবার পিএলএ ভারতীয় জলসীমায় প্রবেশের চেষ্টা চালায়। তবে ভারতীয় সেনাবাহিনী তাদের রুখে দেয়। উধামপুরে ভারতের উত্তরাঞ্চলীয় কমান্ড সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এস গোস্বামীর সঙ্গে পিটিআইয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অবশ্য তিনি পিএলএর অনুপ্রবেশের চেষ্টার খবর অস্বীকার করেন।
পরে পিটিআইয়ের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শুধু বলেন, ভারতীয় বাহিনী সীমান্তে দায়িত্ব পালন করছে। এ ধরনের কোনো ঘটনা রুখে দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, পিএলএ লাদাখের পূর্বাঞ্চল ও পানগং লেকের উত্তরাঞ্চলের তীর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল। ভারতীয় বাহিনী যুক্তরাষ্ট্র থেকে কেনা দ্রুতগতির বিশেষ নৌকা ব্যবহার করে পিএলএকে পিছু হটতে বাধ্য করে। পিএলএ আপাতত পিছু হটলেও ভারতীয় বাহিনীর আশঙ্কা, তারা আবার অনুপ্রবেশের চেষ্টা চালাবে। কারণ, লাদাখ সীমান্তে স্থলপথে অনুপ্রবেশে ব্যর্থ চেষ্টা চালানোর পর পানগং লেক দিয়ে অনুপ্রবেশের জন্য কয়েক দফা চেষ্টা চালিয়েছে পিএলএ। ওই অঞ্চলে নিয়োজিত ভারতীয় বাহিনী বিষয়টি নিয়ে চাপে রয়েছে।
ওই অঞ্চলের সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। ভারত ওই অঞ্চলকে লাদাখের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। বিপরীতে চীনের দাবি, ওই অঞ্চল আকশাই চীনের একটি অংশ। দুই পক্ষের কঠোর অবস্থানের কারণে প্রায়ই ওই অঞ্চলে নয়াদিল্লি-বেইজিংয়ের উত্তেজনা থাকে। সর্বশেষ গত বছরের মে মাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ১৩৫ কিলোমিটার দীর্ঘ পানগং লেকের ৪৫ কিলোমিটার অংশ ভারতের নিয়ন্ত্রণে এবং ৯০ কিলোমিটার অংশ চীনের নিয়ন্ত্রণে রয়েছে। সবচেয়ে প্রশস্ত স্থানে এই লেকের প্রস্থ প্রায় পাঁচ কিলোমিটার।