ভারতীয় দূতাবাসে আশ্রয় নিলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সে দেশের ভারতীয় দূতাবাসে আশ্রয় নিয়েছেন। গতকাল বুধবার তিনি এই তথ্য জানিয়েছেন।টুইটারে নাশিদ লিখেছেন, ‘নিজের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে আমি ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছি।’ তবে এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাশিদের দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) মুখপাত্র শাউনা আমিনাথ জানান, গতকাল দুপুরের দিকে ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন নাশিদ। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে উচ্চ আদালতে শুনানি না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আমরা আবেদন করেছি। আমরা যত তাড়াতাড়ি একটা সিদ্ধান্তের প্রত্যাশা করছি।’ গতকাল বুধবারই এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। আশা করা হচ্ছে, নাশিদের পক্ষে আদালতের সিদ্ধান্ত যেতে পারে।দেশটির রাজধানীর অদূরে হুলহুমালি দ্বীপের একটি হাকিম আদালত গত সোমবার নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগের দিন একটি মামলায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গণতন্ত্রপন্থী সাবেক এই প্রেসিডেন্ট গত বছর আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন। ২০০৮ সালে দেশটির ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে জয়ী হন তিনি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে গণ-আন্দোলন হয়েছিল। তবে নাশিদের অভিযোগ, সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুমের উসকানিতে গত বছর তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান হয়। অবশ্য বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ এ অভিযোগ অস্বীকার করে আসছেন। ওয়াহিদ ছিলেন প্রেসিডেন্ট নাশিদের ডেপুটি। এএফপি।