ভারতীয় বিশেষজ্ঞদের পূর্বাভাসই সঠিক
ঘূর্ণিঝড় ফাইলিনের প্রভাবে বাতাসের গতিবেগ এবং ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন বিদেশি আবহাওয়াবিদেরা। তবে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে তার চেয়ে অপেক্ষাকৃত কম বাতাসের গতিবেগ ও ক্ষয়ক্ষতির কথা বলা হয়। শেষ পর্যন্ত ভারতীয় বিশেষজ্ঞদের কথাই ঠিক হয়েছে।
ভারতের জাতীয় আবহাওয়া দপ্তরের মহাপরিচালক এল এস রাঠোর গতকাল রোববার বলেন, ‘তাঁরা (বিদেশিরা) অতিরঞ্জিত সতর্কবাণী জারি করছিলেন। তবে আমরা এর বিরোধিতা করে আসছিলাম।’
মার্কিন নৌবাহিনীর যৌথ ঘূর্ণিঝড় সতর্ক কেন্দ্র (জেটিডব্লিউসি), যুক্তরাজ্যের আবহাওয়া অফিস এবং লন্ডনভিত্তিক ট্রপিক্যাল স্টর্ম রিস্ক-এর মতো অনেক বেসরকারি প্রতিষ্ঠান ‘ফাইলিনকে’ ‘সুপার সাইক্লোন’ হিসেবে মূল্যায়ন করে। জেটিডব্লিউসি পূর্বাভাস দেয়, ঘণ্টায় বাতাসের গতিবেগ ৩১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
তবে ভারতের আবহাওয়া দপ্তর শুরু থেকেই বলে আসছিল, এর গতিবেগ ঘণ্টায় কমবেশি ২২০ কিলোমিটার হতে পারে, যা সুপার সাইক্লোনের মাত্রার একধাপ নিচে।
শেষ পর্যন্ত দেখা গেছে, ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২১০ কিলোমিটার।
ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তিন মিটার উঁচু সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে বলে জানালেও কিছুসংখ্যক বিদেশি বিশেষজ্ঞ বলেছিলেন, এটা ছয় মিটার উঁচু হতে পারে। ফাইলিন উপকূলে দৃশ্যত তিন থেকে সাড়ে তিন মিটার উঁচু সামুদ্রিক ঢেউয়ের সৃষ্টি করে। এএফপি।