ভারতীয় রাজনীতির নানান খেলা
ভারতের লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠেছে দল ও জোটের ভাঙা-গড়া ও নতুন সমীকরণের খেলা। এই খেলার পরিণতি শেষ পর্যন্ত যে কী হবে, এই মুহূর্তে তার হদিস কারও কাছে নেই। তবে আজ মঙ্গলবার বিকল্প সরকার গঠনে ১১টি দল তাদের জোটবদ্ধতার কথা ঘোষণা করল।
গত রোববার বিহারে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির যে সম্ভাবনার ইঙ্গিত লোক জনশক্তি পার্টির (এলজেপি) নেতা রামবিলাস পাসোয়ান দিয়েছিলেন, আজও তার মীমাংসা হয়নি। বিজেপির সঙ্গে জোট বাঁধার জন্য আসন ভাগাভাগির টানাপোড়েন অব্যাহত রয়েছে। পাশাপাশি কংগ্রেস ও লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গে গাঁটছড়াও তিনি ছিন্ন করেননি। শেষ পর্যন্ত রামবিলাসের ভাগ্যে কী রয়েছে, তার মীমাংসার আগেই আজ বিহারের রাজনীতিতে আরও চমক সৃষ্টি করলেন লালু স্বয়ং। গতকাল সোমবার তাঁর দল ভেঙে ১৩ জন বিধায়ক নীতিশ কুমারের জনতা দলে (সংযুক্ত) যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। হতচকিত লালু বিপদ বুঝতে পেরে মাঠে নেমে রাতেই ৬ বিধায়ককে ফিরিয়ে আনেন। আজ দুপুরে আরও তিনজনকে ফিরিয়ে মোট ৯ জন বিধায়ক নিয়ে বিধানসভায় যান। সেখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও স্পিকারের ‘চক্রান্তের’ বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি রাজ্যপালের কাছে নালিশ জানান। নীতিশের বিরুদ্ধে অনৈতিকভাবে দল ভাঙানোর অভিযোগ এনে তিনি মোটামুটিভাবে ভাঙনের মোকাবিলা করেন। দলত্যাগ রোধ আইন অনুযায়ী কোনো দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক বা সাংসদ বেরিয়ে এলে তবেই তা স্বীকৃত হয়। বিহার বিধানসভায় আরজেডির মোট সদস্য ২২। আইন অনুযায়ী দলত্যাগের জন্য প্রয়োজন ১৫ বিধায়কের। অথচ স্পিকার আরজেডির দলছুটদের স্বীকৃতি দিয়ে ফেলেছেন। লালুর আপত্তি এতেই। এই ঘটনা প্রমাণ করল, লোকসভা ভোটকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে বেশ উথাল-পাতাল চলছে।
বিহারে রাজনীতির এমন অবস্থায় জাতীয় স্তরে তৃতীয় ফ্রন্ট গঠনের প্রচেষ্টা আরও একধাপ এগিয়ে গেল। ১১টি অকংগ্রেসি ও অবিজেপি দল তৃতীয়বারের মতো আজ দিল্লিতে মিলিত হলো। বৈঠকের পর সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত জানান, তাঁরা একজোট হয়ে সারা দেশে বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন। লক্ষ্য, বিকল্প সরকার গঠন। তবে তৃতীয় ফ্রন্টের পক্ষে প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক হবে ভোটের পরে। বৈঠকের পর জনতা দল (সংযুক্ত) নেতা শরদ যাদব বলেন, প্রধানমন্ত্রিত্ব নিয়ে তাঁদের মধ্যে কখনো সমস্যা হয়নি, হবেও না। তাঁদের লক্ষ্য কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে সরকার গড়া।
কিন্তু শেষ পর্যন্ত ১১ দলের জোটবদ্ধতা অটুট থাকবে কি না, সেটা বড় প্রশ্ন। কারণ জোট বাড়াতে বিজেপিও চেষ্টার শেষ রাখছে না। আজকের বৈঠকে অসম গণপরিষদ ও বিজু জনতা দল গরহাজির ছিল। সংশয় এআইডিএমকে নেত্রী জয়ললিতাকে নিয়েও। তাঁকে কাছে পেতে বিজেপির শীর্ষ নেতারা জন্মদিনে গতকাল সোমবার তাঁকে দারুণ অভিনন্দন জানিয়েছেন। এদিকে দুই কমিউনিস্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার কথা ঘোষণা করলেও জয়ললিতা গতকাল তাঁর রাজ্য ও পুডুচেরির মোট ৪০টি আসনের প্রার্থীর নাম ও কেন্দ্র ঘোষণা করে দিয়েছেন। দুই কমিউনিস্ট পার্টিকে কটি আসন এবং কোন আসন দেবেন, এখনো ঠিক করেননি। অথচ আজ ১১ দলের বৈঠকে তিনি তাঁর প্রতিনিধি থাম্বিদুরাইকেও পাঠান। তিনি যে প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক, জয়ললিতা তা আগেই স্পষ্ট করে দিয়েছেন। জন্মদিনে তা স্পষ্টতর হয়ে যায়। যে-কেকটি কাটা হয়েছিল, তা ছিল সংসদ ভবনের আদলে তৈরি। সব মিলিয়ে ভারতে ভোট যত এগোচ্ছে, রাজনীতি তত রঙিন হচ্ছে।